আন্তর্জাতিক

ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসন সংকট ও সরকারি সেবার ঘাটতির প্রতিবাদে বিক্ষোভ ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউরোপের ৩১টি দেশে এক হাজার ৭০০টির বেশি বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার (এসিএলইডি) তথ্য বিশ্লেষণ করে এ চিত্র দেখিয়েছে আলজাজিরা।

আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্রান্স। প্রায় দুই মাস আগে দেশটির শিক্ষার্থীরা বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন, শিক্ষক সংকট ও অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে শ্রেণিকক্ষে পাঠদানের প্রতিবাদে আন্দোলন শুরু করেন। পরে এর সঙ্গে যুক্ত হয় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, মজুরি ও সামাজিক আবাসন সংক্রান্ত দাবি। আন্দোলনে শ্রমিক সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও যোগ দেন।

এসিএলইডির হিসাবে, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফ্রান্সে এক হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। ১৭ অক্টোবর দেশটিতে এক দিনেই পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভ করেন। গত শনিবারও দেশজুড়ে এক লাখ ৪৬ হাজার মানুষ সমাবেশ করেন। ফ্রান্সের পর সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে স্পেনে ১৭৩টি, ইতালিতে ১৬০টি, জার্মানিতে ৭০টি ও পর্তুগালে ৩৩টি। স্পেনে আবাসন সংক্রান্ত জরুরি দুটি অধ্যাদেশ প্রত্যাখ্যানের প্রতিবাদে এবং ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও বাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন হয়েছে।

গত ২৩ অক্টোবর প্যারিসের উত্তরে ত্রাপ শহরে বর্ণবাদী হামলায় ২৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হন। আহত হন আরও সাতজন। সন্দেহভাজন হামলাকারী মুসলিম, আফ্রিকান ও উত্তর আফ্রিকান বংশোদ্ভূত মানুষকে লক্ষ্যবস্তু করার কথা স্বীকার করেছেন।

মানবাধিকারকর্মীদের অভিযোগ, অভিবাসী ও মুসলিম জনগোষ্ঠীকে অপরাধী হিসেবে চিত্রিত করে উগ্র ডানপন্থি বক্তব্যের স্বাভাবিকীকরণ ঘটানো হচ্ছে। অন্যদিকে, বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও উঠেছে।

এদিকে বিক্ষোভে সহিংসতার জন্য বামপন্থি দল ফ্রান্স আনবোডকে দায়ী করেছেন সরকারের কয়েকজন নেতা। তবে দেশটির গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, দলটি বিক্ষোভে উপস্থিত থাকলেও সহিংসতায় জড়িত ছিল না। বিশ্লেষকদের আশঙ্কা, ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মেরূকরণ ও উগ্র ডানপন্থি মতাদর্শের বিস্তার আরও বাড়তে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension