আন্তর্জাতিক

নেতানিয়াহুও কি থাকছেন ইসরায়েলের নতুন জোট সরকারে, যা বললেন আইজেনকট

ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। তবে তার নেতৃত্বাধীন নতুন জোট সরকারে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের দলকেও স্বাগত জানানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেছেন, ঐক্যের ভিত্তিতে নতুন সরকার গঠন করতে চান।

গতকাল রোববার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। জেরুজালেমে প্রেসিডেন্টের দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আইজেনকট বলেন, লিকুদ পার্টি ও রিলিজিয়াস জায়নিস্ট পার্টি যদি সত্যিই জাতীয় ঐক্য চায়, তাহলে তার নেতৃত্বে সরকার গঠনে সমর্থন জানাতে তাদের আপত্তি থাকার কথা নয়।

আইজেনকট বলেন, ‘লিকুদ পার্টি ও রিলিজিয়াস জায়নিস্ট পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্টকে বলা হয়েছে, “এখন ঐক্যের সময়”। যদি তারা সত্যিই তা মনে করে থাকে, তাহলে আমার নেতৃত্বে সরকার গঠনের বিষয়ে তাদের সমর্থন না করার কোনো কারণ দেখি না। আমি যে নীতিগুলো তুলে ধরেছি, তার ভিত্তিতে সরকার পরিচালিত হবে।’

নেতানিয়াহুর সরকারের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকেও নতুন সরকারে স্বাগত জানানোর কথা বলেন আইজেনকট। তার এ বক্তব্যে ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকট দেশটির ইয়াশার পার্টির নেতা। নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত তিনি। দীর্ঘদিনের প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানোই তার অন্যতম লক্ষ্য। তবে নতুন সরকার গঠনে মতাদর্শিক বিরোধের কারণে তাকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। নির্বাচনে আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোট ৪৮টি আসন পায়। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পায় ৫৩টি আসন। আর আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়ী হয়।

নির্বাচনের পর সরকার গঠনে দুই পক্ষই তৎপরতা শুরু করে। আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির পক্ষে সমর্থন জানিয়েছেন ৬৭ জন আইনপ্রণেতা। অন্যদিকে নেতানিয়াহুর জোটের পক্ষে রয়েছেন ৪৬ জন। তবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে বিভিন্ন দলের সঙ্গে সমঝোতা ও দর-কষাকষি করতে হবে তাকে।

মতাদর্শিক বিরোধ থাকলেও নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর প্রশ্নে আইজেনকটকে সমর্থনের কথা জানিয়েছে নির্বাচনে ভালো ফল করা আরব নেতৃত্বাধীন দলগুলো। তবে এর আগে সরকার গঠনের জন্য আরব দলগুলোর সঙ্গে জোট না করার কথা বলেছিলেন আইজেনকট। ফলে তাদের সমর্থন কীভাবে কাজে লাগাবেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

নতুন সরকার গঠনের জন্য আইজেনকটকে ২৮ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট হারজগ। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যাবে। এ সময়ের মধ্যে বিভিন্ন দলের সঙ্গে নীতিগত দাবি, মন্ত্রিত্বসহ নানা বিষয়ে আলোচনা ও সমঝোতা করতে হবে তাকে।

ইসরায়েলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে অনিশ্চিত উল্লেখ করে প্রেসিডেন্ট হারজগ বলেছেন, দেশটির এখন একটি স্থিতিশীল সরকার প্রয়োজন। এ সময় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেন তিনি।

হারজগ বলেন, গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইসরায়েলের কট্টর সমালোচক হিসেবে পরিচিত বেশ কয়েকজন রাজনীতিবিদ জয়ী হয়েছেন। তারা ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিরোধী। তাই যুক্তরাষ্ট্রের এই ‘নতুন রাজনৈতিক বাস্তবতা’ ইসরায়েলের রাজনীতিবিদদের বিবেচনায় রাখা উচিত।

আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট নেসেটের অন্য কোনো সদস্যকে দায়িত্ব দিতে পারবেন। তাকেও ২৮ দিন সময় দেওয়া হবে। দ্বিতীয় প্রার্থীও ব্যর্থ হলে নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় কোনো প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবেন। সে ক্ষেত্রে সরকার গঠনের জন্য সময় পাওয়া যাবে ১৪ দিন।

এরপরও সমঝোতা না হলে আনুষ্ঠানিকভাবে নেসেট ভেঙে দেওয়া হবে এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী, ৯০ দিনের মধ্যে এ নির্বাচন আয়োজন করতে হবে। তত দিন তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করবে। আর সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকবেন বেনিয়ামিন নেতানিয়াহুই।

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ছিলেন আইজেনকট। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর প্রথম আট মাস নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension