
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা সেই ইমন গ্রেপ্তার
কুষ্টিয়া শহরে বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ইমন পাটিকাবাড়ী এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন।
এর আগে গতকাল সোমবার দুপুর ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী শহরের একটি স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে সে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজাচ্ছিল। এ সময় পেছন থেকে আকস্মিকভাবে এসে এক কিশোর (ইমন) তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এতে ওই শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। ঘটনার পরপরই তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিক্ষার্থীটি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় আসামি ইমনকে পাটিকাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর পুরো শহরে তোলপাড় সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে নামে জেলা পুলিশ।
সোমবার সন্ধ্যার পর কুষ্টিয়া পৌরসভার পুকুরপাড় ও জেলা পরিষদের রবীন্দ্র-লালন উদ্যান পার্কসহ শহরের বিভিন্ন আড্ডাস্থলে অভিযান চালিয়ে মাত্র এক ঘণ্টার ব্যবধানে ১৪ জনকে আটক করা হয়।



