যুক্তরাষ্ট্র

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বোয়িং, ছাঁটাই করবে ৫ শতাংশ কর্মী

উড়োজাহাজ উৎপাদন বাড়ানোর পরিকল্পনায় গতি কমিয়ে আনছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। এর অংশ হিসেবে বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগ থেকে প্রায় ৫ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (৯ নভেম্বর) বোয়িং এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি স্বাভাবিকভাবে চাকরি ছেড়ে যাওয়া কর্মীদের শূন্য পদও পূরণ করা হবে না।

কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় বোয়িংয়ের বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগের প্রধান স্টেফানি পোপ বলেন, উৎপাদন বাড়ানোর গতি কমিয়ে কারখানা ও সরবরাহব্যবস্থাকে আরও স্থিতিশীল করার সুযোগ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, উড়োজাহাজ উৎপাদনের সময়সূচি পরিবর্তন এবং উৎপাদনের পরিমাণ কমানোর ফলে প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় বেশি কর্মী হয়ে পড়েছে। তাই কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ডিসেম্বর থেকে ছাঁটাইয়ের বিষয়ে কর্মীদের আনুষ্ঠানিকভাবে জানানো শুরু হবে।

স্টেফানি পোপ বলেন, চলতি বছর ৭৩৭ ম্যাক্স ৭ ও ৭৩৭ ম্যাক্স ১০ উড়োজাহাজের যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার সনদ পাওয়াসহ কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে প্রতিষ্ঠানটি এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। কর্মীদের সঙ্গে মর্যাদা ও সম্মানজনক আচরণ বজায় রেখেই এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এর আগে অক্টোবরের শেষ দিকে এক সম্মেলনে বোয়িংয়ের কর্মকর্তারা উৎপাদন বাড়ানোর পরিকল্পনায় ধীরগতির ইঙ্গিত দিয়েছিলেন। তাঁরা জানান, ২০২৬ সালের জন্য নির্ধারিত উড়োজাহাজ সরবরাহের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে না। একই সঙ্গে ৭৩৭ ম্যাক্সের মাসিক উৎপাদন ৪৭ থেকে বাড়িয়ে ৫২টিতে নেওয়ার পরিকল্পনাও পিছিয়ে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে নির্ধারণ করা হয়েছে।

দীর্ঘদিনের আর্থিক লোকসান কাটিয়ে আয় ও মুনাফা বাড়ানোর ক্ষেত্রে ৭৩৭ ম্যাক্সের উৎপাদন বৃদ্ধি বোয়িংয়ের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিনিয়োগকারীরা। ২০১৮ ও ২০১৯ সালে এই মডেলের দুটি উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণহানির পর নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনা ও সংকটে পড়ে প্রতিষ্ঠানটি।

বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্টবার্গ গত ২৭ অক্টোবর বলেন, অগ্রগতি হলেও উৎপাদনব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করতে আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিশেষ করে উড়োজাহাজের ডানা এবং কানসাসের কারখানায় কাঠামো তৈরির কাজে আরও ধারাবাহিকতা প্রয়োজন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension