
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর তীব্র বাগ্বিতণ্ডা
ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে গত সপ্তাহান্তে এক টেলিফোন আলাপে চরম উত্তপ্ত বাগ্বিতণ্ডা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানে পুনরায় সামরিক হামলা শুরু করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতপার্থক্যের জেরে এই তীব্র আলোচনা হয় বলে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে নেতানিয়াহুর কার্যালয় ফোনালাপে উত্তপ্ত বাক্য বিনিময়ের বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে। তার কার্যালয় থেকে দাবি করা হয়, ‘ভুয়া খবর, সম্পূর্ণ অর্থহীন’। ইসরায়েলের অপর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও জানান, আলোচনাটি মোটেও কঠিন কিছু ছিল না।
এর আগেও ইরান সংঘাত নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপের নজির রয়েছে। গত জুনে কয়েক দফা মতবিরোধের পর ট্রাম্প দ্য পোস্টকে জানিয়েছিলেন, এক ফোনালাপে তিনি নেতানিয়াহুকে ‘পাগল’ বলে অভিহিত করেছিলেন।
মঙ্গলবার ইসরায়েলের ২৬তম নেসেটের শপথ অনুষ্ঠানে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ইরান সক্রিয়ভাবে তাদের পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনে কাজ করছে এবং দেশটির বর্তমান শাসকগোষ্ঠীকে উৎখাত করাই এর একমাত্র স্থায়ী সমাধান। তিনি বলেন, এই অস্তিত্বের হুমকি স্থায়ীভাবে দূর করার একমাত্র উপায় হলো আয়াতুল্লাহদের শাসনব্যবস্থার পতন ঘটানো।
অন্যদিকে ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে পুনরায় হামলা শুরু করার জন্য ট্রাম্পকে রাজি করাতে নেতানিয়াহু প্রতিদিন তাকে ফোন করছেন। আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তি সংবাদমাধ্যমটিকে বলেন, যুদ্ধ পুনরায় শুরু করতে নেতানিয়াহু তাকে প্রতিদিন ফোন করছেন। হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে যারা যুদ্ধ চান না, তারা এটি ঠেকানোর চেষ্টা করছেন।
ওই ব্যক্তি আরও জানান, আঞ্চলিক নেতারাও ট্রাম্পকে সংঘাত না বাড়িয়ে আলোচনায় অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন। নেতানিয়াহুর এই তৎপরতায় আরব ও মুসলিম নেতারা উদ্বিগ্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে নেতানিয়াহুর অব্যাহত চাপ সত্ত্বেও ট্রাম্প এখনই সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাকেই প্রাধান্য দিচ্ছেন। গত রবিবার সিক্সটি মিনিটস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে যুদ্ধ পুনরায় শুরু করবেন কি না জানতে চাইলে ট্রাম্প জানান, তিনি মনে করেন এর কোনও কারণ নেই।
সূত্র: এনডিটিভি



