বিজ্ঞান ও প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গবেষণার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা

মোঃ জাহিদুল ইসলাম

বর্তমান আধুনিক প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং গবেষণা-উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু একটি প্রযুক্তি নয় বরং এটি ভবিষ্যৎ অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়ে থাকে। অর্থাৎ মেশিন বা সফটওয়্যারকে মানুষের বুদ্ধিমত্তার আদলে তৈরি করাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি বিশাল পরিমাণ তথ্য বা ডেটা বিশ্লেষণ করে প্যাটার্ন বা ধরন খুঁজে বের করে এবং সেই অনুযায়ী কাজ পরিচালনা করে থাকে। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ব্যবসা, প্রশাসন থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। তাই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর বিশ্ব গড়তে গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্যভান্ডার বিশ্লেষণ করে ফলাফল ও অনুমান জানিয়ে থাকে। মূলত আগের তথ্য বিশ্লেষণ করেই বিভিন্ন সেবা দিয়ে থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। একসঙ্গে হাজার হাজার কাজ দ্রুত করার পাশাপাশি খুব অল্প সময়ে নতুন অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষ বেশি কাজ করলে ক্লান্ত হয়ে যায়, বিরতির প্রয়োজন হয়। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিরতির প্রয়োজন নেই। এখন পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে সফল উদাহরণ হলো বিভিন্ন ধরনের রোবট যাদেরকে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তির আদলে কাজের উপযোগী করে তোলা হয়ে থাকে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিরও উন্নয়ন হচ্ছে। ফলে ধীরে ধীরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর যন্ত্রও উন্নত হয়ে উঠছে, যা একদিন মানুষের মস্তিষ্কের আদলে নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির লক্ষ্য হলো এমন একটি কম্পিউটার সিস্টেম তৈরি করা, যা মানুষের আচরণ ও চিন্তাশক্তির আদলে জটিল সমস্যার সমাধান করবে। নির্ভুল তথ্যের পাশাপাশি মানুষের আদলে বুদ্ধিমত্তা থাকায় সাইবার নিরাপত্তা, ভিডিও গেমস, নকশা, স্মার্ট গাড়ি, ডেটা সেন্টার ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চাহিদা বাড়ছে। তাই আমাদেরকে শুধু নতুন প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়ন করলেই চলবে না, সে প্রযুক্তির ব্যবহার যেন মানবসভ্যতার বিপক্ষে না যায়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের সময়ের অন্যতম প্রভাবশালী প্রযুক্তিতে পরিণত হচ্ছে। এআই মানবসভ্যতার সামনে অভূতপূর্ব সম্ভাবনা ও গভীর উদ্বেগ একসঙ্গে নিয়ে এসেছে। তথ্য বিশ্লেষণ, গবেষণা, চিকিৎসা, শিক্ষা এবং উৎপাদনব্যবস্থায় এর ব্যবহার মানুষের জীবন সহজ ও সমৃদ্ধ করতে পারে। একইসঙ্গে কর্মসংস্থান সংকোচন, বৈষম্য বৃদ্ধি, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, অপতথ্যের বিস্তার এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। তাই এআইয়ের অগ্রগতি কত দ্রুত হচ্ছে, এর পাশাপাশি এ অগ্রগতি কতটা নিরাপদ, জবাবদিহিমূলক ও মানবকল্যাণমুখী-সেটিও বিবেচনা করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্রেইন বা নিউরাল নেটওয়ার্ক কীভাবে কাজ করে, তা বোঝার জন্য আলোর সেন্সর ব্যবহার করা একটি চমৎকার এবং বাস্তবসম্মত পদ্ধতি। এটি মূলত একটি ভিজ্যুয়াল বা স্পর্শযোগ্য মডেলের মতো কাজ করে। আলোর সেন্সরের মাধ্যমে আমরা খুব সহজেই দেখতে পারি কীভাবে বাইরের একটি উদ্দীপক (আলো) ভেতরের কিছু গাণিতিক নিয়মের (কোডিং/সার্কিট) মাধ্যমে একটি নির্দিষ্ট আউটপুটে (বাতি জ্বলা বা নিভে যাওয়া) রূপান্তর হচ্ছে। ঠিক এই নিয়মে কোটি কোটি ডেটা নিয়ে কাজ করে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। এদিকে আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে, এআই কিন্তু কখনোই মানুষের বিকল্প বা প্রকৃত বন্ধু হতে পারে না। কিছু বিশেষ ক্ষেত্রে যেমন নিজের রূপচর্চা, আবেগ কিংবা আর্থিক সিদ্ধান্ত সম্পর্কিত সংবেদনশীল বিষয়ে এআই-কে প্রশ্ন বা এআই থেকে পরামর্শ গ্রহণ করার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে। কারন চেহারা ও সৌন্দর্যের মূল্যায়নে এআইয়ের কাছে মতামত জানতে চাওয়া নিরর্থক। মূলত বাণিজ্যিক অ্যালগরিদমের কারণে এটি সাধারণত ব্যবহারকারীকে খুশি রাখার চেষ্টা করে থাকে। বাস্তব জীবনের একজন বন্ধু যেমন সত্যিটা বলে দিতে পারে, এআই তা পারে না। আবার আবেগ ও ভালোবাসার বিচারের ক্ষেত্রে প্রশ্নের উত্তরে এআই কৃত্রিম সহানুভূতি দেখাতে পারে। কিন্তু মানুষের জটিল অনুভূতি বোঝা বা হৃদয় দিয়ে তা অনুভব করার সক্ষমতা এর নেই। আবেগগত সহায়তার জন্য এআইয়ের শরণাপন্ন হওয়া বোকামি ছাড়া অন্য কিছু নয়। অপরদিকে বুদ্ধিমত্তা ও আত্মমর্যাদার ক্ষেত্রে নিজের বুদ্ধিমত্তা বা যোগ্যতা মাপার জন্য এআইয়ের ওপর নির্ভর করা এক ধরনের ভ্রান্তি। এআই সুবিশাল তথ্যের ভাণ্ডার হলেও এটি কোনো অনুভূতির বহিঃপ্রকাশ নয়। এই কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো নিজস্ব ইচ্ছা বা অনুভূতির ওপর ভিত্তি করে চলে না। এটি মূলত সার্ভার সংযোগ ও ডেটার ওপর নির্ভরশীল। সুতরাং এই কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই-কে বন্ধু বা জীবনের আশ্রয় ভাবা একটি ‘ডিজিটাল বিভ্রম’ ছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে আসল সামাজিক সম্পর্ক, মানুষের সহানুভূতি ও বাস্তব জীবনের বন্ধন ডিজিটাল জগতের কৃত্রিম প্রশংসার চেয়ে অনেক বেশি মূল্যবান ও কার্যকর। প্রযুক্তি জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর ব্যবহার ও গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দৈনন্দিন নানা কাজ থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতির আদান-প্রদান—সবক্ষেত্রেই এআইয়ের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে মানুষের। তাই প্রযুক্তির সাফল্য বিচার করতে হবে আমরা ব্যবহারকারীরা কতটা বুঝে এবং কতটা স্বাধীনভাবে সমস্যার সমাধান করতে পারছি, তার ভিত্তিতে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension