বিজ্ঞান ও প্রযুক্তিআন্তর্জাতিক

ইউটিউব শপিংয়ে আসছে নতুন এআই টুল, বদলে যাচ্ছে কেনাকাটার অভিজ্ঞতা

ভিডিও দেখার পাশাপাশি ইউটিউব থেকেই পণ্য সম্পর্কে তথ্য জানা ও কেনাকাটা আরো সহজ করতে নতুন এআই সুবিধা আনছে ইউটিউব। একই সঙ্গে ভারতে তাদের ‘ইউটিউব শপিং’ কার্যক্রমও বড় করা হচ্ছে।

এতে অ্যামাজন, মিশোসহ আরো কয়েকটি বড় অনলাইন প্ল্যাটফর্ম যুক্ত হয়েছে।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন এ তথ্য দেয়।

ইউটিউব শপিং মূলত কনটেন্ট নির্মাতাদের পণ্য সুপারিশ করে আয় করার সুযোগ দেয়। ইউটিউব পার্টনার প্রোগ্রামের আওতাভুক্ত নির্মাতারা ভিডিও, শর্টস বা লাইভে বিভিন্ন পণ্যের লিংক দিতে পারেন।

সেই লিংক ব্যবহার করে কেউ পণ্য কিনলে নির্মাতা কমিশন পান।
ভারতে ২০২৪ সালের অক্টোবরে ইউটিউব শপিং চালু হয়। এত দিন ফ্লিপকার্ট, মিন্ত্রা, নাইকা, পার্পল, শপসি ও টিরার মতো প্রতিষ্ঠান এই কার্যক্রমের অংশ ছিল। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে অ্যামাজন, আজিও, মিশো, স্ন্যাপডিল ও টাটা ক্লিক।

ইউটিউব জানিয়েছে, ভারতে শপিং-সংক্রান্ত ভিডিওর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিক থেকে ২০২৬ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত দেশটিতে নির্মাতাদের গড় অ্যাফিলিয়েট আয় ১৬০ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে বিশ্বজুড়ে এই আয় বেড়েছে ১০০ শতাংশ।

ইউটিউবের হিসাবে, ভারতে ৪৫ কোটির বেশি মানুষ পণ্য কেনাকাটা-সংক্রান্ত ভিডিও খোঁজে। গত বছরের তুলনায় শপিং-সংক্রান্ত ভিডিও দেখার সময়ও ৫৫ শতাংশ বেড়েছে।

ভিডিও দেখেই পণ্য সম্পর্কে প্রশ্ন
ইউটিউব ‘অ্যাস্ক ইউটিউব’ সুবিধায় নতুন ফিচার যোগ করছে। এর মাধ্যমে কোনো ভিডিও দেখার সময় ভিডিওতে থাকা পণ্য সম্পর্কে সরাসরি প্রশ্ন করা যাবে।

পণ্যের বৈশিষ্ট্য বা স্পেসিফিকেশন জানতে প্রশ্ন করার পাশাপাশি পরে আরো প্রশ্নও করা যাবে। টিভিতে ইউটিউব দেখার সময় ভয়েস কমান্ড ব্যবহার করেও এই সুবিধা নেওয়া যাবে।

বিদেশি দর্শকদের কাছ থেকেও আয়
নতুন ব্যবস্থায় ভারতীয় নির্মাতাদের বিদেশি দর্শকদের জন্যও পণ্যের লিংক আরো উপযোগী হবে। দর্শক কোন দেশে আছেন, তার ওপর ভিত্তি করে পণ্যের লিংক স্থানীয় বিক্রেতার কাছে নিয়ে যেতে পারে ইউটিউব।

পণ্যের দামও স্থানীয় মুদ্রায় দেখানো হবে। ফলে ভারতীয় নির্মাতারা বিদেশি দর্শকদের কেনাকাটা থেকেও কমিশন পাওয়ার সুযোগ পাবেন।

নির্মাতাদের জন্য এআই সহায়তা
নির্মাতাদের জন্য ‘অ্যাস্ক স্টুডিও ফর ব্র্যান্ড পার্টনারশিপস’ নামে একটি এআই সুবিধা আনছে ইউটিউব। এর মাধ্যমে এআই ব্যবহার করে ব্র্যান্ডের কাছে প্রচারণার প্রস্তাব তৈরি করা বা ব্র্যান্ডের বার্তার উত্তর দেওয়া সহজ হবে।

ব্র্যান্ডগুলোও ‘ইউটিউব অ্যাফিলিয়েট পার্টনারশিপস বুস্ট’ ব্যবহার করে অ্যাফিলিয়েট লিংক দেওয়া নির্মাতাদের তৈরি ভিডিও প্রচার করতে পারবে।

২০২৭ সালে ভারতে ‘এক্সক্লুসিভ অ্যাফিলিয়েট ক্যাম্পেইন’ চালুর পরিকল্পনা রয়েছে। এতে ব্র্যান্ডগুলো নির্মাতাদের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে অতিরিক্ত বোনাস বা বেশি কমিশনের সুযোগ দিতে পারবে।

ভিডিও তৈরিতেও এআইয়ের সাহায্য
নিউইয়র্কে আয়োজিত ‘মেড অন ইউটিউব’ অনুষ্ঠানে নির্মাতাদের জন্য আরো কিছু এআই সুবিধার ঘোষণা দিয়েছে ইউটিউব।

ভিডিও প্রকাশের আগে এআই সেটি দেখে পরামর্শ দিতে পারবে। ভিডিওর শিরোনাম ও থাম্বনেইল তৈরির ক্ষেত্রেও পরামর্শ পাওয়া যাবে। পরে ডায়নামিক থাম্বনেইল এবং থাম্বনেইলের কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে দেখার সুবিধাও আসবে।

এ ছাড়া শর্টস ও ইউটিউব ক্রিয়েট অ্যাপে জেমিনি-চালিত এডিটিং সুবিধা আনার কথা জানিয়েছে ইউটিউব। এতে নির্মাতারা এআইয়ের সঙ্গে কথোপকথনের মাধ্যমে ভিডিও সম্পাদনার কাজ করতে পারবেন।

ইউটিউব আরো জানিয়েছে, তারা এআই দিয়ে মন্তব্য নিয়ন্ত্রণের একটি ঐচ্ছিক সুবিধা পরীক্ষা করছে। পাশাপাশি নির্মাতাদের কণ্ঠ ও মুখ শনাক্ত করে তাদের পরিচয় বা চেহারার অপব্যবহার ঠেকানোর প্রযুক্তিও উন্নত করা হচ্ছে।

নতুন এসব সুবিধার মাধ্যমে ইউটিউব একদিকে নির্মাতাদের ভিডিও তৈরি ও আয় করার সুযোগ বাড়াচ্ছে, অন্যদিকে দর্শকদের ভিডিও দেখার সময়ই পণ্য সম্পর্কে তথ্য জানা ও কেনাকাটার প্রক্রিয়া সহজ করছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension