বিনোদন

১০ বিলিয়ন ডলারের পথে হলিউডের বক্স অফিস

চলতি বছরের গ্রীষ্মকালীন বক্স অফিসের পরিসংখ্যানও হলিউড সিনেমার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। মে থেকে আগস্ট পর্যন্ত উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহগুলোতে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৪ দশমিক ৬১ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ২৬ শতাংশের বেশি এবং ২০১৩ সালের পর সেরা গ্রীষ্মকালীন ব্যবসা।

করোনা মহামারির ধাক্কা, ওটিটি প্ল্যাটফর্মের বিস্তার এবং দর্শকের পরিবর্তিত রুচির কারণে কয়েক বছর ধরেই সংকটে ছিল হলিউডের প্রেক্ষাগৃহ ব্যবসা। একের পর এক সিনেমার ব্যর্থতা, বিশ্বের নানা দেশে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়া এবং দর্শকসংখ্যা কমে যাওয়ার মধ্যে সিনেমাশিল্পের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে ২০২৬ সালে অর্থাৎ চলতি বছর সেই চিত্রে দেখা গেছে উল্লেখযোগ্য পরিবর্তন। বছরের শুরু থেকেই নতুন সিনেমার সাফল্য, তরুণ দর্শকদের প্রেক্ষাগৃহমুখী হওয়া এবং মৌলিক গল্পের প্রতি আগ্রহ বাড়ায় আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছে হলিউড। আর সেটাই বাস্তবে ধরা দিয়েছে অবশেষে। শিল্পসংশ্লিষ্টদের ধারণা, চলতি বছর শেষে যোগ বিয়োগের হিসাবে যুক্তরাষ্টের বক্স অফিস আয় ১০ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে।

হলিউডের এই ঘুরে দাঁড়ানোর পেছনে বড় ভূমিকা রাখছে কয়েকটি আলোচিত সিনেমা। এর মধ্যে রয়েছে রায়ান গসলিং অভিনীত সায়েন্স ফিকশন সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’, ভৌতিক ঘরানার ‘অবসেশন’ এবং সংগীত তারকা মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক ‘মাইকেল’। ভিন্নধর্মী গল্প ও দর্শকের আগ্রহের কারণে সিনেমাগুলো প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করেছে। বিশেষ করে বড় কোনো ফ্র্যাঞ্চাইজি বা জনপ্রিয় সিনেমার সিক্যুয়েল না হয়েও দর্শক টানতে পারছে কিছু সিনেমা। যা হলিউডের জন্য ইতিবাচক বার্তা।

এর মধ্যে ‘প্রজেক্ট হেইল মেরি’ বক্স অফিসে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। অ্যান্ডি উইয়ারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার। এতে একজন বিজ্ঞান শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন রায়ান গসলিং। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর এক মহাকাশ অভিযানে অংশ নিতে হয় তাকে। এর নির্মাণ ব্যয় ছিল প্রায় ২০০ মিলিয়ন ডলার। বিশ্বব্যাপী আয় ৬৮৫ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ায় এটি বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্যে পরিণত হয়েছে।

অন্যদিকে, ‘অবসেশন’ দেখিয়েছে স্বল্প বাজেটের সিনেমাও কীভাবে দর্শকের আগ্রহের কেন্দ্রে চলে আসতে পারে। বড় তারকা কিংবা প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজির ওপর নির্ভর না করে মৌলিক গল্প ও নির্মাণশৈলীর মাধ্যমে সিনেমাটি দর্শকের কাছে পৌঁছেছে। হলিউডের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে এমন সাফল্য নতুন নির্মাতাদের জন্যও সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে।

ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ও বছরের আরেকটি সফল সিনেমা। এটি বিশ্বজুড়ে ১.৮ বিলিয়ন ডলার আয় করে অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পেয়েছে, যা একে পরিচালকের ক্যারিয়ারের এবং ইউনিভার্সাল পিকচার্সের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমায় পরিণত করেছে। প্রায় ২৫০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত এ সিনেমাটি মুক্তির ১২০ দিনে বিশ্বব্যাপী ১.৮ বিলিয়ন ডলার আয় করেছে। এটি চলতি দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা এবং সর্বকালের সর্বোচ্চ আয়কারী আর-রেটেড সিনেমার রেকর্ড গড়েছে। একইসঙ্গে ইউনিভার্সাল পিকচার্সের ১১৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার খেতাবও অর্জন করেছে। পাশাপাশি, এটি ক্রিস্টোফার নোলানের ক্যারিয়ারের পূর্ববর্তী সফলতম সিনেমা ‘দ্য ডার্ক নাইট রাইজেস’কেও ছাড়িয়ে গেছে।

হলিউডের এ পুনরুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ জেনারেশন জেড বা জেন-জি। তরুণ দর্শকদের একটি বড় অংশ আবারও প্রেক্ষাগৃহে যাওয়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। তাদের কাছে প্রেক্ষাগৃহে সিনেমা দেখা শুধু বিনোদন নয়, বরং বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং বড় পর্দায় বিশেষ কিছু উপভোগ করার অভিজ্ঞতা। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমা নিয়ে আলোচনা, দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া এবং মুখে মুখে প্রচারণাও সিনেমার জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রাখছে।

চলতি বছরের গ্রীষ্মকালীন বক্স অফিসের পরিসংখ্যানও এ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। মে থেকে আগস্ট পর্যন্ত উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহগুলোতে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৪ দশমিক ৬১ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ২৬ শতাংশের বেশি এবং ২০১৩ সালের পর সেরা গ্রীষ্মকালীন ব্যবসা।

শুধু সিনেমার গল্প কিংবা তারকাদের উপস্থিতিই নয়, প্রেক্ষাগৃহের পরিবেশ উন্নত করাও দর্শক ফেরানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আইম্যাক্স, ডলবি সিনেমা এবং বড় পর্দার উন্নত প্রযুক্তি দর্শকদের নতুন অভিজ্ঞতা দিচ্ছে। বিশেষ করে মহাকাশ, অ্যাকশন ও দৃশ্যনির্ভর সিনেমাগুলো বড় পর্দায় দেখার প্রতি দর্শকের আগ্রহ বাড়ছে। ‘প্রজেক্ট হেইল মেরি’র মতো সিনেমার সাফল্যও প্রিমিয়াম ফরম্যাটের গুরুত্ব তুলে ধরেছে।

তবে এ সাফল্যকে হলিউডের সব সংকটের অবসান হিসাবে দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে, স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা, সিনেমা নির্মাণের ক্রমবর্ধমান ব্যয় এবং দর্শকের মনোযোগ ধরে রাখার চ্যালেঞ্জ এখনো রয়েছে। পাশাপাশি শুধু পরিচিত ফ্র্যাঞ্চাইজি কিংবা তারকানির্ভর সিনেমা দিয়ে দর্শককে নিয়মিত প্রেক্ষাগৃহে ফেরানো সম্ভব নয়- এমন উপলব্ধিও তৈরি হয়েছে।

তারপরও বছরের শেষ দিকে এসে সিনেমা নিয়ে আশাবাদী এ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। বড় বাজেটের একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় থাকায় নতুন বছরের শুরুতে প্রেক্ষাগৃহে দর্শক সমাগম আরও বাড়তে পারে। বিশেষ করে ছুটির মৌসুমে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তিগুলো বক্স অফিসে ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একটা বিষয় লক্ষণীয়, চলতি বছর হলিউডের প্রেক্ষাগৃহ ব্যবসার জন্য নতুন আলো দেখিয়েছে। এ প্রত্যাবর্তনের সবচেয়ে বড় শিক্ষা হলো, দর্শক এখনো প্রেক্ষাগৃহে যেতে আগ্রহী। তবে তাদের টানতে হলে দিতে হবে নতুনত্ব, মানসম্মত গল্প এবং বড় পর্দায় দেখার মতো অভিজ্ঞতা। আগামীতে হলিউড সেই চাহিদা কতটা পূরণ করতে পারে সেটাই এখন দেখার বিষয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension