বিনোদন

ওয়াইনারি নিয়ে বিরোধ মিটল পিট-জোলির

হলিউডের এক সময়ের আলোচিত তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির দীর্ঘদিনের আইনি বিরোধের অবসান ঘটল। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে অবস্থিত বিলাসবহুল ওয়াইনারি ‘শ্যাতো মিরাভাল’-এর মালিকানা ও শেয়ার বিক্রি নিয়ে চলা বিরোধ মেটাতে আদালতের বাইরে সমঝোতায় পৌঁছেছেন সাবেক এ দম্পতি। এর মধ্য দিয়ে তাদের কয়েক বছরের আইনি লড়াইয়ের আপাতত ইতি ঘটল।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, গত বুধবার ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি পরস্পরের বিরুদ্ধে করা নিজেদের আইনি দাবিগুলো প্রত্যাহারের উদ্যোগ নেন। পরে দুই তারকার প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘পরিবারের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করেই আমরা আদালতের বাইরে সমঝোতায় পৌঁছেছি। এ বিষয়ে আর কোনো মন্তব্য করব না।’ পাশাপাশি সংবাদমাধ্যমে বিভিন্ন সূত্রের বরাতে তাদের নামে যেসব বক্তব্য প্রকাশিত হচ্ছে, সেগুলোর সঙ্গে তাদের কিংবা তাদের ঘনিষ্ঠজনদের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানানো হয়। তবে সমঝোতার আর্থিক বা অন্যান্য শর্ত প্রকাশ করা হয়নি।

২০০৮ সালে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে প্রায় ১ হাজার ২০০ একর আয়তনের শ্যাতো মিরাভাল সম্পত্তিটি কিনেছিলেন পিট ও জোলি। সে সময় এর আনুমানিক মূল্য ছিল ২ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার। সম্পত্তিটির ৬০ শতাংশ অর্থ দিয়েছিলেন পিট, আর ৪০ শতাংশ জোলি। পরে বিয়ের সময় প্রতীকী এক ইউরোর বিনিময়ে নিজের মালিকানার ১০ শতাংশ জোলিকে হস্তান্তর করেন পিট। ফলে দুজনের মালিকানা দাঁড়ায় সমান ৫০ শতাংশ করে। ওয়াইনারি ছাড়াও এ সম্পত্তির সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনের বিশেষ স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন তারা।

বিচ্ছেদের পর জোলি নিজের অংশের শেয়ার পিটের কাছে বিক্রি করতে চেয়েছিলেন বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে। তবে গোপনীয়তা চুক্তি বা এনডিএতে সই করার শর্ত নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হয়। ওই চুক্তিতে সম্মতি দিলে নির্যাতনের অভিযোগসংক্রান্ত বিষয়ে প্রকাশ্যে কথা বলার ক্ষেত্রে জোলির ওপর বিধিনিষেধ আসতে পারত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেষ পর্যন্ত সেই বিরোধই দীর্ঘ আইনি লড়াইয়ে রূপ নেয়।

তবে জোলির সঙ্গে বিরোধ মিটলেও পিটের আইনি লড়াই পুরোপুরি শেষ হচ্ছে না। রুশ ব্যবসায়ী ইউরি শেফলার ও তার প্রতিষ্ঠান টেনুটে দেল মন্দোর বিরুদ্ধে মামলা এখনো চলমান। পিটের অভিযোগ, জোলির সঙ্গে যোগসাজশ করে গোপনে ওয়াইনারিতে তার মালিকানার অংশ অধিগ্রহণের ব্যবস্থা করেছিলেন শেফলার। এখন সমমূল্যে জোলির শেয়ার কেনার সুযোগ এবং ক্ষতিপূরণ দাবি করছেন এই অভিনেতা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension