ভারত

‘রাফায়েলের জন্য এক অদক্ষকে ৩০ হাজার কোটি দিয়েছে কেন্দ্র’

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ফের একবার সরব কংগ্রেস সভাপতি৷ রাফায়েল ইস্যুতে বিজেপি সরকারকে বিঁধলেন তিনি৷ বুধনার ট্যুইট করে রাহুল গান্ধী বলেন কেন্দ্র সরকারের স্কিল ইন্ডিয়া ক্যাম্পেন আসলে ‘S-Kill India’৷ পাশাপাশি, তাঁর অভিযোগ হ্যালের মত সংস্থার থেকে ৩০ হাজার কোটি টাকার বরাত চুরি করে এমন একজনকে দিয়ে দেওয়া হয়েছে, যার বিমান উৎপাদন সম্পর্কে কোনও ধারণাই নেই৷

রাহুল বলেন গত ২০ বছরে সর্বোচ্চ বেকারত্বের হার এখন ভারতে৷ তার ফল ভোগ করছে দেশের যুবকরা৷ কোথাও কোনও কর্মসংস্থান নেই৷ দুর্নীতি ও স্বজনপোষণের সরকার চলছে গোটা দেশ জুড়ে৷

কংগ্রেস সভাপতির মতে রাফায়েল চুক্তির বিপুল অসঙ্গতি মানুষের নজরে এসেছে৷ কংগ্রেস এই সংক্রান্ত আরও তথ্য সামনে আনবে বলে হুঁশিয়ারি দেন তিনি৷ তাঁর ট্যুইটের সঙ্গেই একটি সংবাদমাধ্যমের রিপোর্ট প্রকাশ করেন তিনি৷ যেখানে রাফায়েল চুক্তির বিস্তারিত বিবরণ রয়েছে৷

মঙ্গলবারও এই নিয়ে মুখ খোলেন রাগা৷ তিনি বলেন, যে ব্যক্তি দুর্নীতি দুর করতে এসেছিল, সে নিজেই ৩০,০০০ কোটি টাকা দিয়েছে অনিল আম্বানিকে৷ মজা সবে শুরু হয়েছে, আরও ইন্টারেস্টিং মোড় নিতে চলেছে সবকিছু৷ আগামী দু-তিন মাসে নরেন্দ্র মোদীর বিভিন্ন কাজ- রাফায়েল, বিজয় মালিয়া, ললিত মোদী, নোট বাতিল, গব্বর সিং ট্যাক্স, যখন এসব নিয়ে আমরা সব কিছু তুলে ধরব৷ একের পর এক তথ্য দিয়ে দেখিয়ে দেওয়া হবে নরেন্দ্র মোদী একজন চৌকিদার নয়, একজন চোর৷ রাহুল গান্ধীর এই মন্তব্যের একটি ভিডিও ক্লিপিংসও উঠে আসে বলে জানা যায়৷

এদিকে, রাফায়েল ইস্যুতে কিছুটা সমস্যায় কেন্দ্র৷ এদিন রাফায়েল চুক্তি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে আইনি নোটিশ পাঠালেন আম আদমি পার্টির সিনিয়র নেতা এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং৷ এই নোটিশে সঞ্জয় সিং জানতে চান, ১২৬টি রাফায়েল ডিল চুক্তি বাতিল করে কেন সরকার ৩৬ রাফায়েল নেওয়ার সিদ্ধান্ত নেয়৷

জানতে চাওয়া হয় রাফায়েলের একটা জেটের জন্য যেখানে ৫২৬ কোটি লাগে সেখানে পরে ৬৭০কোটি টাকার ডিল কেন করা হয়? সাধারণ মানুষের কষ্টের টাকা সরকার এভাবে ব্যয় করবে কেন?

প্রসঙ্গত, প্রতিরক্ষা মন্ত্রক ২০১৫ সালে ১২৬ রাফায়েল কেনার সিদ্ধান্ত বাতিল করে৷ লিগাল নোটিশে সঞ্জয় সিং দাবি করেন, ফ্রান্সের সরকারের থেকে ২০১৬ সালে করা চুক্তি বাতিল করে ২০১৫ সালের চুক্তিটিতেই যেন জোর দেওয়া হয়৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension