
টেস্ট ক্রিকেটকে বাঁচাতে ‘বিরাট’ আবেদন ভারতীয় প্রাক্তনের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ‘কেন খেলছ না দিন রাতের টেস্ট?’ কোহলিদের জন্য এই সওয়াল করছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকর৷
ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে দর্শক টানতে দিন রাতের টেস্টে ঝুঁকেছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দেশ৷ দিন রাতের টেস্টের অভিষেক হয়েছিল ২০১৫ সালে৷ অস্ট্রেলিয়ার ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবারের জন্য পিঙ্ক বলে পাঁচ দিনের ম্যাচ খেলে অজিরা৷ এর পর তিন বছর হয়ে গেলেও দিন রাতের টেস্টের পক্ষে কোনও আগ্রহ দেখায়নি বিরাটের ভারত৷ এমন কী আসন্ন অস্ট্রেলিয়া সফরের সূচিতে একটি দিন রাতের টেস্ট রাখার পক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া জোর করলেও শাস্ত্রীদের পক্ষ থেকে সবুজ সংকেত মেলেনি৷
পাকিস্তান, শ্রীলঙ্কার মতো এশিয়ান দেশ যেখানে টেস্ট ক্রিকেটের জৌলুস ফেরাতে দিন রাতের ফর্ম্যাটে ঝুঁকেছে সেখানে আজেও পিছনের সারিতে হাঁটছে ভারতীয় ক্রিকেট৷ আর এখানেই আপত্তি মাঞ্জরেকারের৷
সঞ্জয় বলেন, ‘আইপিএলের যুগে টেস্ট ক্রিকেট দর্শক হারাচ্ছে৷ ভারতে ফাঁকা মাঠে টেস্ট ম্যাচ হচ্ছে৷ সত্যিই এই দৃশ্য মেনে নেওয়া যায় না৷ তাই দায়িত্বটা প্রথম সারির টেস্ট খেলিয়ে দেশকেই নিতে হবে৷’ উল্লেখ্য আইসিসি ব়্যাংকিংয়ে টেস্ট ফর্ম্যাটে শীর্ষস্থানে রয়েছে বিরাটের ভারত৷




