
মোদী-দিদি দেশে হিংসার বাতাবরণ তৈরি করছে : সূর্যকান্ত
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: উত্তরবঙ্গের অধিকার যাত্রার সমাপ্তির সমাবেশ হল সোমবার৷ ওই সমাবেশের প্রধান বক্তা ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷
ইংরেজবাজার শহরে বৃন্দাবনী ময়দানে প্রকাশ্য সমাবেশের মঞ্চ থেকে বর্ষীয়ান এই সিপিএম নেতা তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমালোচনা করেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগেন৷ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হাতে-হাত মিলিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন৷
তাঁর অভিযোগ, ‘‘মোদি দিদি মিলে এ রাজ্য-সহ দেশে হিংসার বাতাবরণ তৈরি করেছে। ষড়যন্ত্র করছে হিংসার। দেশ অর্থসঙ্কটে ভুগছে। তাই আগামীতে আপনার আমার ব্যাঙ্কের গচ্ছিত টাকা ভ্যানিশ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিজের অধিকার যাতে মানুষ চাইতে না পারে তাই ধর্মীয় ভাবাবেগকে উস্কানি দিয়ে মোদি সরকার দেশে অস্থির পরিস্থিতি তৈরি করছে।’’ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর অভিযোগ, ‘‘দিদি আমোদপ্রমোদের ব্যবস্থা করে মগজ কবজা করছে।’’
তিনি জানান, প্রতিদিন তেলের দাম বাড়ছে বাড়ছে গ্যাসের দাম। বিশ্বের বাজারে টাকার দাম পড়ছে। নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। তাই অধিকার ফিরে পেতে পথে ঘাটে মাঠে নামতে হবে। আন্দোলন করতে হবে যতদিন না অধিকার ফিরে পাওয়া যায়।



