
অসমে সফল হলে, NRC হবে এরাজ্যেও: মুখ্যমন্ত্রী
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: অসমের নাগরিকপঞ্জী যদি সফল হয়, তাহলে নিজের রাজ্যেও তৈরি করবেন এনআরসি। এমনটাই জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে বিপ্লব দেব বলেন, ”সরকার, শীর্ষ আদালত থেকে শুরু করে দেশের মানুষ এটা দেখার জন্য অপেক্ষা করছে যে অসমে কী হয়। দেখাই যাক কী হয়।” তিনি বলেন, অসমে যাঁরা আসল বাসিন্দা তাদের চিহ্নিত করাই এই এনআরসি-র মূল উদ্দেশ্য।
নাগরিকপঞ্জীর তালিকায় অসমের একাধিক বাসিন্দাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত ৩০ জুলাই সেই তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। সেই তালিকায় বাদ পড়েছেন ৪০ লক্ষ মানুষ।
এদিন বিপ্লব দেব বলেন, অসমের নাগরিক পঞ্জীকরণের পুরো প্রক্রিয়া যদি সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হয় তাহলে, ত্রিপুরাতেও সেই তালিকা তৈরি করা হবে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্ত নিলে তবেই এই নাগরিক পঞ্জীকরণ সম্ভব হবে বলেও উল্লেখ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
এদিকে, ত্রিপুরাতেও এনআরসি-র দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে দেখা করে ত্রিপুরার Indigenous Nationalist Party. তবে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ট্যুইট করে জানানো হয়েছে যে, ত্রিপুরায় এনআরসি নিয়ে কেন্দ্র থেকে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি।



