
হাইতিতে ভূমিকম্পে নিহত ১১
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : হাইতিতে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পে একটি হাসপাতাল ও অডিটোরিয়াম ধসে পড়েছে এবং এসব জায়গায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সময় ৬ অক্টোবর, শনিবার রাতে পোর্ত দি পাইক্স বন্দরের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, পোর্ত দি পাইক্স বন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল ১১ দশমিক ৭ কিলোমিটার।
উত্তর-পশ্চিমাঞ্চলের পুলিশ প্রধান জ্যাকসন হিলারি জানান, পোর্ত দি পাইক্স বন্দর এলাকায় সাতজনের মৃত্যু হয়েছে।
হাইতির স্বরাষ্ট্রমন্ত্রী রেইনাল্ডো ব্রুনেট জানান, গ্রস মর্নে শহরে আরও চারজনের মৃত্যু হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ১১ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন হাইতি সরকারের মুখপাত্র এডি জ্যাকসন অ্যালেক্সিস। তিনি জানান, দুর্যোগ মোকাবেলায় একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
২০১০ সালে হাইতিতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কয়েক লাখ মানুষের মৃত্যু হয়। সেটির পর শনিবারের ভূমিকম্পটি ছিল সবচেয়ে শক্তিশালী।



