
বাংলাদেশের অভিনেতাই হবেন ‘বঙ্গবন্ধু’: বেনেগাল
রূপসী বাংলা বিনোদন ডেস্ক : বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের প্রেক্ষাপট নিয়ে চলচ্চিত্র নির্মাণ হবে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। চলচ্চিত্রটির কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশাল বাজেটে নির্মিতব্য এই ছবিতে ‘বঙ্গবন্ধু’র চরিত্রে কে অভিনয় করবেন? সেটা এখনো চূড়ান্ত নয়।
এই বিষয়ে নির্মাতা শ্যাম বেনেগাল জানিয়েছেন, বাংলাদেশের কোনো একজন অভিনেতাই হবেন ‘বঙ্গবন্ধু’। তাই সরু ও রোগা চেহারার একজন অভিনেতাকে খুঁজছেন তিনি।
শ্যাম বেনেগাল আরো জানান, ছবিটি বানানোর জন্য তিনি এখন পুরোপুরি প্রস্তুত এবং ছবির নামভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়েও তিনি ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন। তার কথায়, ‘ব্যক্তিগতভাবে আমি চাইব বাংলাদেশ থেকেই কোনো অভিনেতা এই চরিত্রে অভিনয় করুন। কারণ সেটাই বেশি সমীচীন হবে। আর তিনি একটু রোগা হলেই ভাল। কারণ জীবনের বেশিটা অংশ শেখ মুজিব নিজেও কিন্তু বেশ সরু আর রোগা ছিলেন। এছাড়া বঙ্গবন্ধুর মতো জলদগম্ভীর কন্ঠস্বর বা ব্যারিটোন ভয়েসটাও থাকতে হবে।’
৮৩ বছর বয়সী এই নির্মাতা আরো বলেন, ‘খুব কম লোকই এটা খেয়াল করেন যে শেখ মুজিবের যে বিশাল, ভারিক্কি চেহারার ছবিগুলোর সঙ্গে আমরা বেশি পরিচিত, সেটা তার জীবনের পরের দিকটার। শেষের দিকে তার কিছুটা ওজন বেড়েছিল ঠিকই, কিন্তু জীবনের বেশিটা সময় তিনি রীতিমতো রোগাই ছিলেন। যেমনটা টিপিক্যাল বাঙালি বুদ্ধিজীবী ও অ্যক্টিভিস্টরা হন আর কী!’
বঙ্গবন্ধুর বায়োপিকের মূল ভাষা হবে বাংলা। আর সেজন্যই বাংলাদেশের অভিনেতা দরকার। যাতে মূল অভিনেতার কণ্ঠস্বর ব্যবহার করা যায়। বাংলার পাশাপাশি ছবিটা ডাব করা হবে হিন্দি, উর্দু বা ইংরেজি ভাষায়ও।



