প্রবাস

যুক্তরাষ্ট্র বিএনপি এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির যৌখ সংবাদ সম্মেলন

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: ‘বেগম জিয়ার মুক্তি ব্যতিত যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া যারা নির্বাচনে যাবে, তারা বাকশালীদের দালাল হিসেবে বিবেচিত হবে’-এসব হুশিয়ারি উচ্চারণ করা হয় যুক্তরাষ্ট্র বিএনপি এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির যৌখ সংবাদ সম্মেলন থেকে।

৭ অক্টোবর রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মেজবান দরবার হলে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বিএনপির যুগ্ম সম্পাদক ও তারেক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান আকতার হোসেন বাদল আরো বলেছেন, ‘নানাবিধ কারণে টালমাটাল অবস্থায় পতিত হয়েছে সর্ববৃহৎ রাজনৈতিক দল-বিএনপি। ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার গভীর একটি ষড়যন্ত্র সক্রিয় রয়েছে। কিন্তু প্রবাসীরা তা কখনোই হতে দেবে না। আজ আমেরিকায় বসবাসরত বিএনপির কর্মী-সমর্থকদের পক্ষ থেকে জানাতে চাই যে, বেগম জিয়াকে ছাড়া বিএনপি কখনোই নির্বাচনে যেতে পারে না। ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ব্যতিত বিএনপির নির্বাচনে যাওয়ার ঘটনাটি হবে আত্মহত্যার সামিল। এ অবস্থায় যারাই নির্বাচনে যাবে তারাই হবেন জাতীয় বেঈমান, একদলীয় স্বৈরশাসনের দালাল।’ এ সময় বি চৌধুরী ও মাহী বি চৌধুরীকে নব্য স্বৈরাচারের দালাল হিসেবেও অভিহিত করা হয়।

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার প্রসঙ্গ উল্লেখ করে অভিযোগ করা হয়, ‘বাংলাদেশে চলমান অন্যায়-অবিচারের প্রতিবাদ করলে কেউই যে রেহাই পান না তারই নগ্ন উদাহরণ হলেন এস কে সিনহা। সাবেক এই প্রধান বিচারপতির মন্তব্যের মধ্য দিয়ে প্রকারান্তরে বিএনপির বক্তব্যেরই সত্যতা উদ্ভাসিত হয়েছে অর্থাৎ বাংলাদেশে আইনের শাসনের নাম-নিশানা নেই।’

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘গভীর বিস্ময়ের সাথে অবজার্ভ করছি যে, সংখ্যালঘু সম্প্রদায়ের এস কে সিনহার এই চরম বিপদে প্রবাসে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কোন নেতাই কথা বলছেন না। অথচ তারা সবসময়েই বিএনপির বিষোদগার করেন সংখ্যালঘু নির্যাতনের জন্যে। এমন দ্বৈত চরিত্রের নেতৃত্ব থেকে ঐক্য পরিষদ বেরিয়ে আসতে না পারলে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা কখনোই সংহত করা যাবে না।’

সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট উপস্থাপনকালে তারেক পরিষদের মহাসচিব জসীমউদ্দিন বলেন, ‘অতি সম্প্রতি বিএনপির পক্ষ থেকে ঘোষিত ৭ দফা কর্মসূচির সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। সেই দাবি আদায়ে মার্কিন মুল্লুকে সোচ্চার থাকার সংকল্প ব্যক্ত করছি।’

কারাবন্দি বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনায় শুরুতে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক স্টেট বিএনপির নেতা মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ বিশেষ মোনাজাতে তারেক রহমানেরও দ্রুত আরোগ্য এবং কারাবন্দি সকল নেতার মুক্তির জন্যে সৃষ্টিকর্তার দয়া প্রার্থনা করা হয়।

নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন তারেক পরিষদের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী আসাদ উল্লাহ, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, মোয়াজ্জেম হোসেন এবং মিজানুল শাহির, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান এবং হুমায়ূন কবীর, স্টেট বিএনপির সেক্রেটারি সাঈদুর রহমান, মুক্তিযোদ্ধা মশিউর রহমান এবং ওয়াহেদ আলী মন্ডল, তারেক পরিষদের রাশিদা আহমেদ মুন, সাইফৃল ইসলাম অপু, জাতীয়তাবাদি ফোরামের সাংগঠনিক সম্পাদক আবেদীন রনী, বিএনপি নেতা দেওয়ান কাওসার, হাবিবুর রহমান হাবিব, তাহের পাটোয়ারি, এনামুৃল কবীর রুপো প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension