খেলা

অবশেষে পূর্বাচল স্টেডিয়ামের জমি পাচ্ছে বিসিবি

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : অনেকদিন ধরেই পূর্বাচলে একটি আধুনিক এবং পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম তৈরির কথা চলছে। অবশেষে এই মাসের মধ্যেই স্টেডিয়ামের জমি বুঝে পেতে যাচ্ছে বিসিবি। গতকাল নিজ বাসায় সংবাদ সম্মেলনে এই কথা জানালেন নাজমুল হাসান পাপন। জমি বুঝে পেলে এই বছরেই স্টেডিয়ামের কাজ শুরু হবে।

পূর্বাচল স্টেডিয়ামের সর্বশেষ অবস্থা সম্পর্কে পাপন জানান, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠি চলে গেছে। এখন সেখান থেকে নেয়ার প্রক্রিয়াটা বাকি আছে। আমার ধারণা এই মাসের মধ্যেই এটা একটা ফাইনাল কিছু করে ফেলতে পারব। আমরা যত দ্রুত সম্ভব কাজ শুরু করব। আমাদের ইচ্ছা এই বছরেই কাজ শুরু করব।’

পূর্বাচল স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত ৩৭.৫০ একর জমি নিয়ে টানাপোড়েন ছিল ক্রীড়া মন্ত্রণালয় এবং বিসিবির মধ্যে। শেষ পর্যন্ত দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাই বুঝে পেয়েছে পুরো জায়গার মালিকানা।

এই জায়গায় এখন একটি মার্কেট রয়েছে। মার্কেট সংলগ্ন এলাকায় রয়েছে গাড়ি পার্কিং পয়েন্ট, স্থায়ী-অস্থায়ী বাজার, কয়েক শ দোকানপাট ও কারখানা। এগুলো সরানোই এখন বড় চ্যালেঞ্জ বিসিবির।

এই স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করা হবে। এরপর আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন।

পাপন জানান, ‘জায়গা পাওয়ার সাথে সাথে জায়গা খালি করতে হবে, সেখানে দোকানপাট আছে কিছু। বাউন্ডারি লাইন দিতে হবে সেখানে। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, ভিত্তি প্রস্তর স্থাপন করার। তারপর ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করে দিব, সব ইন্টারন্যাশনাল টেন্ডারে হবে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension