
‘স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র এখনও চলছে’- রাষ্ট্রপতি
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: স্বাধীনতাবিরোধী অশুভ শক্তি বারবার দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়ন প্রক্রিয়াকে বাধা দেয়ার পাশাপাশি ষড়যন্ত্র এখনও চলছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যের জন্য বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, দেশ আজ উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সবাইকে অশুভ তৎপরতাকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্মিলিতভাবে রুখে দিতে হবে। এ দুর্গাপূজায় এটিই আমাদের সবার অঙ্গীকার হওয়া উচিত।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ উৎসব উদযাপন করে। পারিবারিক ও সামাজিক এ উৎসবের মাধ্যমে গড়ে ওঠে সৌহার্দের সেতুবন্ধ। এই ধর্মীয় ও সামাজিক উৎসব সব ধর্মের মানুষের মধ্যে ঐক্যের বন্ধন তৈরি করে। তাই এ উৎসব সর্বজনীন।আবদুল হামিদ বলেন, আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। ৪৭ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতি স্বাধীনতা লাভ করলেও আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের স্বাধীনতা এখনও পুরোপুরি অর্জন করতে পারিনি।অনুষ্ঠানে আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাসহ বিভিন্ন পূজা কমিটির নেতা এবং বিশিষ্ট হিন্দু ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সূত্র: ইউএনবি।



