
খাশোগির বড় ছেলে এখন যুক্তরাষ্ট্রে
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : নিহত সাংবাদিক জামাল খাশোগির বড় ছেলে সালাহ খাশোগির ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর বৃহস্পতিবার তিনি সপরিবারে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন।
সম্প্রতি সৌদি আরব সফরের সময় সালাহ খাশোগির ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এর দিন কয়েক পরেই সৌদি আরব ছাড়ার অনুমতি পেলেন খাশোগির ছেলে।
বৃহস্পতিবার তিনি নিজের পরিবারসহ যুক্তরাষ্ট্রে মা ও অন্য তিন ভাইবোনের কাছে পৌঁছান। তবে সেখানে তিনি কোথায় উঠেছেন তা জানা যায়নি। যদিও তার বাবা জামাল খাশোগি ওয়াশিংটনেই থাকতেন।
সালাহ খাশোগির এই সফরকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রবার্ট পাল্লাডিনো মুখপাত্র বলেন, খাশোগির ছেলে যিনি সৌদি আরব ও যুক্তরাষ্ট্র এই দু দেশেরই নাগরিক, তাকে যুক্তরাষ্ট্র সফরের অনুমতি দেয়ায় রিয়াদের প্রশংসা করেছে ট্রাম্প প্রশাসন।
পাল্লাডিনো আরো বলেন, সালাহ ফিরে আসার ঘটনায় আমরা খুশি। এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে আমরা কংগ্রেসের সঙ্গে আলোচনা ও অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে চাই।
গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট থেকে নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি। পরে তুর্কি তদন্তে জানা যায়, ওইদিন কনস্যুলেটের অভ্যন্তরেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এ নিয়ে প্রথমে তালবাহানা করলেও পরে এই হত্যার দায় স্বীকার করে নিয়েছে সৌদি সরকার। এ ঘটনায় সন্দেহভাজন ১৮ জনকে আটকও করেছে তারা। তবে খাশোগি হত্যায় সেন্দেহের তীর এখন সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমানের দিকে। অনেকের বিশ্বাস, তার নির্দেশেই খাশোগিকে নির্মমভাবে হত্যা করেছে তারই অনুগত লোকজন।
সূত্র: আল জাজিরা



