
করণের কাউচে ক্যাটফাইট
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সেই কন্ট্রোভার্শিয়াল কাউচ, কফির কাপ থেকে ধোঁয়া আর অন্তহীন গসিপ৷ এই তিনটি জিনিস বললেই সিনেপ্রেমীরা নিমেষে বুঝে যায় কথা হচ্ছে ‘কফি উইথ করণ’র৷ সিজন সিক্স নিয়ে এসে গিয়েছেন পরিচালক-প্রযোজক করণ জোহার৷ প্রথম এপিসোডে অথিতি হিসেবে ছিলেন আলিয়া এবং দীপিকা৷ এবারে শোনা যাচ্ছে করণের চ্যাট শোয়ের একটি এপিসোডে নাকি থআকছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং করিনা কাপুর খান৷

বি-টাউনের সবথেকে বড়ো ক্যাটফাইট বললেই প্রিয়াঙ্কা এবং করিনার নামই আগে মাথায় আসে৷ কারণ তাঁদের ঝগড়ার শুরু সেই ‘এতরাজ’ ছবি থেকে৷ ভিলেনের চরিত্রে অভিনয় করে প্রিয়াঙ্কা করিনার থেকে লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন৷ সেই ক্ষোভে করিনা একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে প্রিয়াঙ্কাকে তিনি ভালো অভিনেত্রী মনেই করেন না৷ সেই থেকেই একে অপরের নানা বিষয় নিয়ে মন্তব্য করেছেন তাঁরা৷ যার জেরে তাঁদের ঝগড়া যেন আরও বেড়ে চলেছে৷
তবে সম্প্রতি শোনা যাচ্ছে, সেই আগুন নিভিয়েছেন করণ৷ নিজের শোয়ে একই এপিসোডে আনতে চলেছেন দুই নায়িকাকে৷ এই খবর ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে দর্শকমহলে৷ এমনিতেও সেলেব্রিটি চ্যাট শো’টি সম্বন্ধে নিন্দুকরা যতই বলুক না কেন তারকাদের গসিপ নিয়ে কৌতূহল কম বেশি সকলেরই থাকে৷ গত বছর শেষের দিকে বিরাট-অনুষ্কার চুপিসারে বিয়ে সেরে অবাক করে দিয়েছিলেন সকলকে৷ তারপর থেকেই টিনসেলে একটা জল্পনার আনাগোনা বেশ বেড়ে গিয়েছিল৷ শোনা গিয়েছিল ‘কফি উইথ করণ’র সিজন সিক্সের প্রথম অতিথি হিসেবে থাকবেন বিরুষ্কা৷

তবে সেসব জল্পনায় জল ঢেলে আরও এক রিউমার উঠে এসেছিল৷ ওপেনিং গেস্ট হিসেবে নাকি আসবে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ট্রায়ো৷ শাহরুখ খান, কাজল এবং রানি৷ সেই খবরে সকলের মন ভরতে না ভরতেই নতুন খবর পাড়লেন করণ জোহার৷ করণের কাউচের প্রথম অতিথি হিসেবে ছিলেন আলিয়া ভাট এবং দীপিকা পাডুকোন৷



