
বোমা হামলার ষড়যন্ত্রে বাংলাদেশী আকায়েদ উল্লাহ দোষী সাব্যস্ত
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: ঘরে তৈরী পাইপ বোমা ফাটিয়ে বিশ্বখ্যাত টাইমস স্কোয়ার লাগোয়া পোর্ট অথরিটি বাস টার্মিনালে বহু আমেরিকানকে হত্যাচেষ্টায় লিপ্ত হবার দায়ে বাংলাদেশী আকায়েদ উল্লাহ(২৮)কে দোষী সাব্যস্ত করলো নিউইয়র্ক ফেডারেল কোর্টের জুরিরা। দীর্ঘ শুনানীর পর ৬ নভেম্বর মঙ্গলবার ৮ মহিলাসহ ১২ সদস্যের জুরিবোর্ড সন্ত্রাসী হামলাসহ বিভিন্ন ধরনের ৬ অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেন।
সরকারী আইনজীবী জিয়োফ্রে এস বারমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, গত ১১ ডিসেম্বর সকালে প্রচন্ড ভীড়ের সময় টাইমস স্কোয়ার পাতাল রেল স্টেশনের সুড়ঙ্গ পথ ধরে পোর্ট অথরিটি বাস টার্মিনালে যাবার সময় বুকে বেধে রাখা পাইপ বোমা বিস্ফোরিত হয়। এতে আকায়েক উল্লাহ আহত হন এবং আরো ৩ পথচারি আহত হন। এরফলে বাস টার্মিনালে গিয়ে বহু নীরিহ মানুষ হত্যার ষড়যন্ত্র নস্যাত হয়ে যায়। ফেডারেল জুরিবোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে এটাই প্রমাণিত হলো যে আমেরিকা ধ্বংসযজ্ঞ অথবা হিংসা-বিদ্বেষের রাজনীতিতে উজ্জীবিত নন। আমেরিকা ব্যালট যুদ্ধে বিশ্বাসী। আকায়েদ উল্লাহকে আজ নির্বাচনের দিন দোষী সাব্যস্ত করা হলো এবং সে সারাটি জীবন কারা প্রকোষ্টেই কাটাবে বলে আশা করছি। আর এভাবেই নিউইয়র্ক সিটি যে কোন অপতৎপরতাকে রুখে দিয়ে মাথা উঁচু করে সম্মুখে এগুচ্ছে।
ফেডারেল জজ রিচার্ড সুলিভানের এজলাসে এ রায় ঘোষণা করা হয়। এর আগে জুরিবোর্ড ৫ ও ৬ নভেম্বর দুদিনে মোট ৬ ঘন্টায় তাদের মতামত উপস্থাপন করেন। এ সময় এজলাসে থাকা আকায়েদ উল্লাহ্্র ভাবলেশহীনভাবেই দাঁড়িয়ে ছিলেন। কোন পরিবর্তন দেখা যায়নি মুখাবয়বে। তবে তার পক্ষাবলম্বনকারি এটর্নীকে পাশ কাটিয়ে আকায়েদ উল্লাহ মাননীয় আদালতের উদ্দেশ্যে একটি সংশোধনী দিয়ে বলেন যে, সে আইসিসের পারপাস সার্ভ করার জন্যে এহেন হত্যাযজ্ঞে উদ্বুদ্ধ হননি। তিনি আইসিসের সমর্থকও নন। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ব্যাপারে কিছু পদক্ষেপ তাকে ক্ষিপ্ত করেছে, প্রতিশোধ পরায়ন করেছে আত্মঘাতি হামলায়। উল্লেখ্য যে, আকায়েদ উল্লাহ্্র পক্ষে সরকার নিয়োজিত এটর্নী এর আগে মাননীয় আদালতে লিখিত এক আবেদনে দাবি করেছেন যে, আকায়েদ উল্লাহ কাউকে হত্যার উদ্দেশ্যে নয়, আত্মহত্যা করতে চেয়েছিলেন।
অপরদিকে, সপ্তাহব্যাপি এ মামলার শুনানীর সময় ব্রুকলীনের বাসা থেকে বের হয়ে সাবওয়ে ধরে টাইমস স্কোয়ার স্টেশনে নামার পর হেঁটে সুড়ঙ্গ পথ অতিক্রমকালে পাইপ বোমা বিস্ফোরিত হবার ভিডিও চিত্র প্রদর্শন করা হয় সরকারের পক্ষ থেকে। বাসায় থাকা সিসিটিভি, রাস্তার আশপাশের ভবনের সিসিটিভি, সাবওয়ের সিসিটিভি সংগ্রহ করা হয় সাক্ষী হিসেবে। আর এভাবেই পুরো নিউইয়র্ক সিটি যে নজরদারিতে রয়েছে সেটি আরেকবার প্রমাণিত হলো।
সন্দ্বীপের সন্তান আকায়েদ উল্লাহ অভিবাসন ভিসায় ২০১১ সালে নিউইয়র্কে আসার পর কিছুদিন ট্যাক্সি চালিয়েছেন। এরপর চট্টগ্রামের মিরসরাই উপজেলার এক প্রবাসীর(ইলেক্ট্রিক কন্ট্রাক্টর) ফার্মে কাজের সময় পাইপ বোমা তৈরীর পরিকল্পনা করেন। আকায়েদের স্ত্রী-সন্তানেরা বাস করছেন রাজধানী ঢাকার জিকাতলায়। নতুন বছরের শুরুতেই আকায়েদ উল্লাহ্্র বিরুদ্ধে কারাদন্ডের মেয়াদ জানিয়ে দেবেন একই বিচারপতি।
এর আগে নিউইয়র্ক এবং জর্জিয়ার ফেডারেল কোর্টে আরো কয়েক বাংলাদেশীকে দীর্ঘ মেয়াদি কারাদন্ড দেয়া হয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের মদদে আমেরিকায় সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে।



