
কওমি জননী ইব্রাহীম (আ.)-এর মত দিলদার ও পরহেজগার না হলে আমাদের সম্মান থাকবে না: বাবুনগরী
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: গতকাল শনিবার রাতে ফতুল্লার মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনাসহ ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হেফাজতে ইসলামের সচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, কওমি গোষ্ঠী ও মুসলমানদের পিতা ইব্রাহীম (আ.)-এটাই কোরআনের বয়ান। তা হলে কওমি জননীকেও সেরকম হতে হবে। তাকেও ইব্রাহীম (আ.)-এর মত দিলদার ও পরহেজগার হতে হবে। জননী তেমন না হলে আমাদের সম্মান থাকবে না।
সম্মেলনে সভাপতিত্ব করেন বেফাকের জেলা শাখার সভাপতি আল্লামা আবদুল কাদের।
বাবুনগরী আরও বলেন, শাপলা চত্বরে গিয়েছিলাম বিশ্ব নবী (স.) ইজ্জত সম্মান রক্ষা করার জন্য। সেখানে গিয়ে দেখি নারায়ণগঞ্জের ছয় লাশসহ আমার সামনে আরও আটটি লাশ পড়েছিল। এমন শতাধিক নিহত ও আহত হয়েছে অগণিত। সেদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নি। আমার কাছে বারবার ফোন আসছিল আপনি চলে যান।
তিনি বলেন, সরকার আমাদের সনদের স্বীকৃতি দিয়ে মূলধারায় আনে নি বরং সরকারই মূলধারায় চলে এসেছে। এতদিন স্বীকৃতি না দিয়ে সরকার মূলধারায় ছিল না। আমরা আগের থেকে মূলধারায় আছি। সরকার আমাদের স্বীকৃতি দিয়ে সম্মানিত করে নি, সরকার নিজেই সম্মানিত হয়েছে।



