বাংলাদেশরাজনীতি

মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধুর পর এরশাদই হলেন গণতন্ত্রের মানসপুত্র: জাপা নেতারা

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: গতকাল শনিবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে আলোচনা সভাঅনুষ্ঠিত হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ১০ নভেম্বরকে শহীদ নূর হোসেন দিবস নামে পালন করলেও জাতীয় পার্টি দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করে। আয়োজিত সভায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে গণতন্ত্রের মানসপুত্র আখ্যা দিয়েছেন দলের নেতারা। জাপা কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এরশাদকে স্বৈরাচার বলা কৌতুক ও মিথ্যাচার। তিনি বলেন, গণতন্ত্র সমুন্নত রাখতে নির্বাচিত সরকারের অধীনে আসন্ন নির্বাচন চায় জাপা। কারণ, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে তারা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ পান নি।

১৯৮২ সালের ২৪ মার্চ ক্ষমতা দখল করেন এরশাদ। ১৯৮৬ সালের নির্বাচনের পর ওই বছরের ১০ নভেম্বর তিনি সামরিক শাসন  প্রত্যাহার করেন। দিনটিকে জাতীয় পার্টি ‘গণতন্ত্র দিবস’ নামে পালন করে।  অন্যদিকে ১৯৮৭ সালের ১০ নভেম্বর গুলিস্তানে পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ কর্মী নূর হোসেন।

জিএম কাদের বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখা এরশাদকে নিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলো নানা সময়ে অপব্যাখ্যা দিচ্ছে। তার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিয়ে যাচ্ছে। সত্য ইতিহাস তুলে ধরতেই জাপা গণতন্ত্র দিবস পালন করে। জিএম কাদের জানান, বিএনপি নির্বাচনে অংশ নিলে কোনও দলই এককভাবে ভোট করবে না। তখন জাতীয় পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থেকে নির্বাচনে অংশ নেবে।

বিএনপিবিহীন ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের চেষ্টা করেন এরশাদ। নানা নাটকীয়তার পর রওশন এরশাদের নেতৃত্বে জাপার একাংশ ভোটে অংশ নেয়। তবে সেই নির্বাচন থেকে দূরে ছিলেন জিএম কাদের। ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের সমালোচকও ছিলেন তিনি।

বিএনপিকে ইঙ্গিত করে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ১৯৮৬ সালের নির্বাচনে সব দল অংশ নিলেও একটি দল বর্জন করে। তারা ২০১৪ সালের নির্বাচনও বর্জন করেছিল। এবারও নির্বাচনে আসবে কিনা বলা যাচ্ছে না। তবে জাপা ভোটের জন্য প্রস্তুত। নূর হোসেনের মৃত্যু সম্পর্কে রুহুল আমিন হাওলাদার বলেন, ক্ষমতার পালাবদলে আজকে যারা দেশ পরিচালনা করছে, তারা কেন নূর হোসেনের হত্যাকারীকে খুঁজে বের করছেন না? আসামি তো তাদের বলয়ের মধ্যেই রয়েছে।

সূচনা বক্তব্যে জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় নূর হোসেনের মৃত্যু নিয়েই প্রশ্ন তোলেন। শহীদ নূর হোসেনকে মূর্খ ও দরিদ্র আখ্যা দিয়ে তিনি বলেন, পুলিশ গুলি করেছে সামনে থেকে। তাহলে তো গুলি তার বুকে লাগার কথা; কিন্তু লেগেছে পিঠে। নূর হোসেনকে বানানো হয়েছিল বলির পাঁঠা। জাপার প্রেসিডিয়াম সদস্য পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেন, মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধুর পর এরশাদই হলেন গণতন্ত্রের মানসপুত্র।

জাপার ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension