
নয়াপল্টন এখন রণক্ষেত্র
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি কর্মী সমর্থকদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ নভেম্বর) বেলা ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বেলা দেড়টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বেলা সাড়ে ১২টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এ সময় একটি মিছিল ফকিরাপুল মোড় থেকে এগিয়ে আসে। মিছিলে এক থেকে দেড়শ নেতাকর্মী ছিলেন।

এ সময় পুলিশ তাদের অনুরোধ জানায়, রাস্তা বন্ধ করে মিছিল না করার জন্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এডিসি শিবলি নোমানের অনুরোধে তারা রাস্তার একপাশে সরে যায়। কিন্তু কিছুক্ষণ পরই আবার তারা পুরো রাস্তা জুড়ে মিছিল করতে থাকে। এক পর্যায়ে তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। এ সময় পুলিশের দুটি গাড়িতে আগুন এবং রাস্তায় থাকা প্রায় ১০টি মোটরসাইকেল এবং ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা দেড়টার দিকে অতিরিক্ত পুলিশ এসে পুরো এলাকা ঘিরে রেখেছে। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা জুড়ে পুলিশি তল্লাশি শুরু হবে বলে জানা গেছে।



