প্রধান খবরবাংলাদেশ

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা আজ

রূপসী বাংলা ডেস্ক:একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা আজ।

বিভাগীয় শহরগুলোতে সফরের অংশ হিসেবে গত ৩০ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ ফেব্রুয়ারি বরিশালে জনসভা করেন তিনি।

আজ বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি রাজশাহীবাসীর জন্য বিভিন্ন উন্নয়ন উপহার নিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন আটটি থানাসহ ২৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাজশাহী উৎসবের শহরে পরিণত হয়েছে। সাজসাজ রব নগরীজুড়ে। সাঁটানো হয়েছে রঙ-বেরঙের পোস্টার ও ব্যানার। সড়কে একটু পর পর দৃষ্টিনন্দন তোরণ বসানো হয়েছে। রাতে চোখে পড়ছে নয়নাভিরাম আলোকসজ্জা। এসব আয়োজন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে।

শুধু রাজশাহী মহানগরী নয়, শহর ছেড়ে গ্রামেও ছড়িয়ে পড়েছে এমন সাজ সাজ রব। সবখানেই বিরাজ করছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। নাটোর থেকে জনসভায় যোগ দিতে সড়কপথে আসবেন প্রধানমন্ত্রী।

রাজশাহীর ঐতিহাসিক জনসভার মাঠ মাদ্রাসা ময়দান বঙ্গবন্ধুকন্যাকে স্বাগত জানাতে প্রস্তুত। মাঠের ইট-সিমেন্টের স্থায়ী মঞ্চের সামনে কাঠ বসিয়ে নৌকার আদল দিয়ে মঞ্চ বানানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী এই মাঠের জনসভায় পৌঁছে ভাষণ দেবেন। আগামী সংসদ ও সিটি নির্বাচনসহ বিভিন্ন দিকনির্দেশনাও দেবেন।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, বেলা সাড়ে ১১টায় নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের পুনর্মিলনী অনুষ্ঠান ২০১৮-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকাল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জেলা এবং মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জানিয়েছেন, সব আয়োজন প্রধানমন্ত্রীর জন্য। দলের নেতাকর্মীরা স্বতঃস্ফুর্তভাবে সব আয়োজন শেষ করেছেন। জনসভায় কমপক্ষে ৫ লাখ লোকের সমাগম হবে বলে আশা করছি।

জনসভা সফল করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম দুই দফা রাজশাহী সফর করেছেন। চারদিন থেকে রাজশাহীতে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং আরেক সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ কেন্দ্রীয় নেতারা। জনসভায় সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

২০১১ সালের পর আওয়ামী লীগ প্রধানের এটাই রাজশাহী মহানগরীতে প্রথম জনসভা। ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর রাজশাহীর বাগমারা এবং ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি চারঘাটে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেন তিনি। সর্বশেষ গত বছরের ১৪ সেপ্টেম্বর রাজশাহীর পবায় দলীয় জনসভায় উপস্থিত হয়েছিলেন শেখ হাসিনা।bd-journal

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension