প্রধান খবরবাংলাদেশ

বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের বিবদমান দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  তাবলীগ জামাতের বিবদমান দুইপক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আজ শনিবার সকাল থেকেই উত্তপ্ত টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দান ও তার আশেপাশের এলাকা। তাবলীগ জামাতের দিল্লি মারকাজ এবং দেওবন্দ মাদ্রাসার অনুসারীদের মধ্যে  এই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

আজ শনিবার সকাল থেকে তাবলীগ জামাতের দুই পক্ষের মুখোমুখি অবস্থান পরে সংঘর্ষে রূপ নেয়। টঙ্গীতে ইজতেমা ময়দানের ১ নম্বর প্রবেশফটকে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ৫০ থেকে ৬০ জন আহত হন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের টঙ্গী সরকারি হাসপাতাল ও উত্তরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। সংঘর্ষের জেরে শনিবার সকাল থেকেই বন্ধ ছিল রাজধানীর বিমানবন্দর সড়কের টঙ্গীমুখী অংশে যানবাহন চলাচল। ফলে সৃষ্টি হয় তীব্র যানজটের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বিমানবন্দর ব্যবহারকারী দেশ ও বিদেশে গমনকারী যাত্রীরা। বিদেশগামী অনেক যাত্রীই সময় মত বিমানবন্দরে না পৌঁছাতে পেরে তাদের ফ্লাইট মিস করেছেন বলে জানা গেছে। এছাড়া দুর্ভোগে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। গুরুতর অসুস্থ রোগীদের নিয়েও বিপাকে পড়েন তাদের স্বজনরা। রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে তাদের।

তাবলিগ জামাতের দুই পক্ষের নেতৃত্বের কোন্দলে জানুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গত মাসে স্থগিত করা হয়। দেওবন্দপন্থীদের আবেদনে নির্বাচন কমিশন শুক্রবার এক আদেশে ৩০ ডিসেম্বর ভোটের আগে টঙ্গীর ইজতেমা মাঠে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করে।

তবে দিল্লি মারকাজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারীরা এর মধ্যেই পাঁচ দিনের জোড় ইজতেমার ঘোষণা দিলে দেওবন্দপন্থী মাওলানা জুবায়েরের অনুসারীরা দিন কয়েক আগে ইতজেমা মাঠ দখল করে আশপাশে পাহারা বসায়। এ অবস্থায় মাওলানা সাদের অনুসারীরা শুক্রবার ময়দানে ঢুকতে না পেরে আশপাশের মসজিদে অবস্থান নেন।

শনিবার ভোর থেকে সাদের অনুসারী শত শত মুসল্লি ঢাকার দিক থেকে টঙ্গীর পথে রওনা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিমানবন্দর সড়কসহ টঙ্গীর বিভিন্ন রাস্তা ও পাড়া মহল্লার বিভিন্ন স্থানে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে বিমানবন্দর সড়কের এক দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সাদপন্থী এক মুসল্লি দাবি করেন, দেওবন্দপন্থী লোকজন কয়েক দিন ধরে মাঠ দখল করে রেখেছে। জোড় ইজতেমায় যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ময়দানে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দিচ্ছে। এ কারণে রাস্তায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অপরদিকে মাওলানা জুবায়েরের অনুসারী এক মুসল্লি দাবি করেন, ইজতেমা মাঠে তাদের লোকজন রয়েছেন। তারা বিশ্ব ইজতেমার প্রস্তুতির জন্য কাজ করছে।সাদের পক্ষের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আজ সেখানে যেতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension