
অস্ট্রেলিয়া প্রথমবার পা-রেখে ৫৮ রানে গুটিয়ে গিয়েছিল ভারত
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের বিরাট স্বপ্ন মিডিয়ায় নিয়ে অস্ট্রেলিয়ায় পা-রেখেছে কোহলি অ্যান্ড কোং৷ বিরাটদের লড়াই শুরু বৃহস্পতিবার থেকে অ্যাডিলেড ওভালে৷
টেস্ট ক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম দেখা হয়েছিল ভারতের স্বাধীনতার পর৷ ১৯৪৭-এর নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল লালা অমরনাথের ভারত৷ ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী ছিল ভারতীয় দল৷ পাঁচ টেস্টের সিরিজে ০-৪ ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত৷ অস্ট্রেলিয়ায় প্রথমবার পা-রেখে ভারতীয় ব্যাটসম্যানদের অবদান ছিল ৫৮ ও ৯৮৷ ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ২৫৬ রানে হেরেছিল ভারত৷ প্রথম ইনিংসে ভারত ৫৮ এবং দ্বিতীয় ইনিংসে ৯৮ রানে শেষ হয়ে গিয়েছিল৷

সিডনিতে দ্বিতীয় টেস্টে ভারতকে বাঁচিয়েছিল বৃষ্টি৷ ছ’দিনের টেস্টে তিনদিনই বৃষ্টির জন্য খেলা শুরু হয়নি৷ ফলে ম্যাচ ড্র হয়৷ যদিও প্রথম ইনিংসে ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়ার থেকে এগিয়ে ছিল অমরনাথের ভারত৷ পরের তিনটি টেস্টে অবশ্য আধিপত্য নিয়ে জিতে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ করে অস্ট্রেলিয়া৷ তার পর থেকে ভারতের বিরুদ্ধে আধিপত্য বজায় রাখে অজিবাহিনী৷
টানা তিনটি সিরিজ জয়ের পর ১৯৬৪-৬৫ মরশুমে ঘরের মাঠে মনসুর আলি খান পতৌদির ভারত সিরিজ ড্র করতে সক্ষম হয়৷ তার পর আবার ১৯৬৭ থেকে ১৯৭৮ পর্যন্ত টানা তিনটি সিরিজ জেতে অস্ট্রেলিয়া৷ অজিদের বিরুদ্ধে ভারত প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় ১৯৮৯-৮০ মরশুমে৷ ঘরের মাঠে সুনীল গাভাস্করের ভারত ছ’ টেস্টের সিরিজ জেতে ২-০ ব্যবধানে৷ তার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা তিনটি সিরিজ ড্র করে ভারত৷ ১৯৮০-৮১ গাভাস্করের নেতৃত্ব তিন টেস্টের সিরিজ ড্র করে ভারত৷ ১৯৮৫-৮৬ মরশুমে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সিরিজ ড্র করে কপিল দেবের ভারত৷

ফের অজিদের আধিপত্য দেখা যায় ১৯৯১-৯২ মরশুমে৷ মহম্মদ আজহারউদ্দিনের ভারত পাঁচ টেস্টের সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে ০-৪ ব্যবধানে হারে৷ তার পর ১৯৬ এবং ১৯৯৭ সালে ভারতে এসে দু’বার সিরিজ হারে অস্ট্রেলিয়া৷ ১৯৯৯-২০০০ মরশুমে ফের অস্ট্রেলিয়ায় গিয়ে পর্যদুস্ত হয় ভারতীয় দল৷ স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ ০-৩ হারে সচিন তেন্ডুলকরের ভারত৷ তার পর ২০০০-০১ মরশুমে অজিবাহিনীর সর্বাধিক টেস্ট জয়ের বিজয়রথ থামিয়ে সিরিজ জিতেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত৷ তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে চার টেস্টের সিরিজ ড্র করেছিল সৌরভের ভারত৷
এর পর ২০০৪-০৫ মরশুমে ভারতে এসে সিরিজ জেতে অস্ট্রেলিয়া৷ ২০০৭-০৮ মরশুমে অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ হারে ধোনির ভারত৷ ২০১০-১১ মরশুমে ভারতে এসে সিরিজ হারে অস্ট্রেলিয়া৷ কিন্তু পরের বছর অর্থাৎ ২০১১-১২ মরশুমে ঘরের মাঠে ভারতকে ৪-০ হারায় অস্ট্রেলিয়া৷ ২০১২-১৩ মরশুমে অস্ট্রেলিয়াকে ৪-০ হারায় ভারত৷ শেষবার অস্ট্রেলিয়া সফরের চার টেস্টের সিরিজ ০-২ হারে ভারত৷ তার পর ঘরের মাঠে চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ হারায় বিরাটের ভারত৷ এবার কি অস্ট্রেলিয়ায় ‘বিজয় রথ’ চালাতে পারবে বিরাটবাহিনী?



