
সিলেটের তামাবিল স্থলবন্দরে বিজিবি এবং কাস্টমস কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ, আহত ৩
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: সিলেটের তামাবিল স্থলবন্দরে বিজিবি এবং কাস্টমস কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ০৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন কাস্টমস কর্মকর্তা আহত হয়েছেন বলে অভিযোগ করেছে কাস্টমস কর্মকর্তারা।আহতেদর জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- মোস্তাফিজুর রহমান, সাদিক খান ও তুহিন চৌধুরী। পুরো বিষয়টি ভুল বুঝাবুঝি থেকে ঘটেছে বলে জানান বিজিবি এবং কাস্টমসের ঊর্ধ্বতন কমকর্তারা।
একাধিক সূত্রের খবরে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তামাবিল দিয়ে ভারতীয় তিন নাগরিক বাংলাদেশে প্রবেশ করেন। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে তিন বোতল ভারতীয় মদ পান বিজিবি সদস্যরা। কিন্তু কাস্টম কর্মকর্তারা সেসময় বিজিবি সদস্যদের তল্লাশিতে বাধা দেন । বিষয়টি নিয়ে সেখানে উপস্থিত বিজিবি এবং কাস্টম সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কাস্টমস কর্মকর্তারা বিজিবি সদস্যদের তল্লাশির এখতিয়ার নেই জানিয়ে ওই তিনজনকে তাদের কার্যালয়ে নিয়ে যান। বিষয়টি অবগত হয়ে বিজিবি এবং কাস্টমসের ঊর্ধ্বতনরা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করেন। দুপক্ষের মধ্যে আলোচনাও হয়। এক পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সুরাহা করে ফেললেও দু পক্ষের অধস্তন কর্মকর্তারা বিকেলে ফের তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দু পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সিলেট কাস্টমসের তামাবিল কার্যায়ের প্রধান সুব্রত অধিকারী জানান, সন্ধ্যায় আমাদের কার্যালয়ে ঢুকে বিজিবি সদস্যরা অতর্কিত হামলা চালায়। লাঠি দিয়ে পিঠিয়ে আমদের বেশ কজন কমকর্তাকে আহত করে। এর মধ্যে গুরুতর তিন জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অপরদিকে বিজিবি সদস্যরা অভিযোগ করে বলেন, কাস্টম কমকর্তারা আগে আমাদের ওপর ঢিল ছুঁড়ে। যে কারণে আমরা লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিতে বাধ্য হই।
বিজিবির সিলেট ৪৮ ব্যাটলিয়নের প্রধান (সিইও) কর্নেল শাহ আলম জানান, বিষয়টি অবগত হয়েছি। সহযোগি দুই বিভাগের কর্মকর্তাদের মধ্যে এমন অনাকাঙ্খিত ঘটনা সত্যি দুঃখজনক। সম্পূর্ণ ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে বলে জানন তিনি । তিনি বলেন, ভারত থেকে কেউ প্রবেশের পর প্রথমেই বিজিবি সদস্যদের মুখোমুখি হতে হয়। সেখানে স্বাভাবিক ভাবেই বিজিবি সদস্যরা তাদের তল্লাশি করে থাকে। বর্তমান নির্বাচন সময়ে ভারত থেকে নানা ভাবে অবৈধ দ্রব্যাদি নিয়ে দেশে প্রবেশের চেষ্টা চালাচ্ছে চোরাকারবারীরা। যে কারণে সীমান্তে নিরাপত্তা এবং তল্লাশি বৃদ্ধি করা হয়েছে। এই তল্লাশিতে কাস্টমসের বাধা দেওয়ার নিয়ম নেই। তারা কেন এমনটি করে তা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোও হয়েছে। এমন ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে। এ বিষয়ে দুই বিভাগেরই আলোচনা চলছে।



