
ফের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬
রূপসী বাংলা ঢাকা ডেস্ক: ফের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ সোমবার মুম্বইয়ের আন্ধেরিতে ইএসআইসি কামগার হাসপাতালে আগুন লাগে৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে সকেলর মধ্যে৷ খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় দমকল বাহিনী৷ সেই সঙ্গে উপস্থিত হয় একটি রেসকিউ ভ্যান এবং ১৬ অ্যাম্বুলেন্স৷

এই অগ্নিকাণ্ডে ৬ জন নিহত এবং ২৮ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ আহতদের চিকিৎসা চলছে৷
তবে ঠিক কি কারণে এই আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়৷ আগুন লাগার মুহূর্তে হাসপাতালে প্রায় ১৪৭ জন আটকে পড়েছিলেন বলে খবর৷ এদের প্রত্যেককেই উদ্ধার করা হয়েছে৷ হাসপাতালে ভরতি রোগীদের কুপার্স, হোলি স্পিরিট, থ্যাকারে ট্রাউমা, আন্ধেরি, হরিনন্দানি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷

জানা গিয়েছে, সোমবার এই আগুন লাগার পর বিকেল ৪টে নাগাদ খবর যায় দমকল অফিসে৷ খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করতে দ্রুত হাজির হয় তারা৷ সাতটি দমকলের ইঞ্জিন এবং সেই সঙ্গে ৫টি জাম্বো ওয়াটার ট্যাংকার হাজির হয়৷ উদ্ধার কার্য চলছে৷
দিন পনের আগেই ওই হাসপাতালে পরিদর্শণের কাজ করে দমকল সহ প্রশাসনের অন্যান্য বিভাগের আধিকারীকরা৷ তখন বেশ কিছু বেনিয়ন ধরা পড়ে৷ ডেপুটি ফায়ার অফিসার এম ভি ওগালে জানান, অগ্নি নির্বাপক ব্যবস্থা পর্যাপ্ত ছিল না৷ হাসপাতাল ভবনটিও নো-অবজেকশন ছাড়পত্র পায়নি৷ তা সত্ত্বেও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ইএসআইসি কামগার হাসপাতালে চলছিল স্বাস্থ্য পরিষেবার কাজ৷
দমকলের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকেই এই আগুন লেগেছে৷ আগুন লাগার ঘটনার তদন্ত হবে বলে প্রশাসন জানিয়েছে৷



