
‘ধানের শীষ মানেই দুর্নীতি আর নৌকা মানেই সমৃদ্ধি’: প্রধানমন্ত্রী
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: ‘ধানের শীষে ভোট মানেই দুর্নীতি আর নৌকা মার্কা মানেই সমৃদ্ধি’ এমন মন্তব্য করে রাজধানীতে নৌকা মার্কার পক্ষে ভোট চাইলেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এ সময় রাজধানীবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন। আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকবো’।
গতকাল ২১ ডিসেম্বর শুক্রবার বিকেলে রাজধানী গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের নির্বাচনী জনসভা। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ হাসিনা।
বিকেল ৩টা ৪৪ মিনিটে সমাবেশ স্থলে এসে ৪টা ২২ মিনিটে বক্তব্য শুরু করেন শেখ হাসিনা। নিজের বক্তব্যের শেষে তিনি ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আকবর হোসেন পাঠানকে সকলকে সামনে পরিচয় করিয়ে দেন। এ সময় ঢাকা-১১ আসনে এ কে এম রহমত উল্ল্যাহ, ঢাকা-১২ আসনে আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকা-১৩ আসনে সাদেক খান, ঢাকা-১৪ আসনে আসলামুল হক, ঢাকা-১৫ আসনে কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ আসনে ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা-১৮ আসনে সাহারা খাতুন ও ঢাকা-১ আসনে নৌকার প্রার্থী সালমান ফজলুর রহমানের পক্ষে ভোট চান শেখ হাসিনা।
প্রায় ৩২ মিনিটের বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘‘আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছি যে আমরা দুর্নীতি দূর করবো। মানুষের উন্নয়ন করবো। বিশেষ করে আমরা তরুণ সমাজের উন্নয়ন করবো। আজকে তাদের খেলা, সংস্কৃতিচর্চা, কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। যাতে যুব সমাজ তাদের শক্তি-মেধা ও জ্ঞানকে কাজে লাগাতে পারে। ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী আমরা পালন করবো। ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো।’’
শেখ হাসিনা এ সময় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘‘নৌকা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছেন বলেই মানুষের জীবনের আয়-রোজগার বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। নৌকা মার্কায় ভোট দিলে দেশের অর্থনীতি আরও উন্নত হবে। বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করাই আমাদের লক্ষ্য। নিজেদের ভাগ্য পরিবর্তন করতে আসি নাই। আমরা সরকার পরিচালনা করি মানুষের জন্য। বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই ছিল আমাদের লক্ষ্য। আজকের বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেল। বাংলাদেশের মানুষ সুস্থভাবে বাঁচবে সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’’
সরকার গঠন করার পর আওয়ামী লীগ হাওয়া ভবন করে দুর্নীতি করছে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘‘ বিএনপি ক্ষমতায় থাকলে হাওয়া ভবনের খাওয়া মেটাতে ব্যবসায়ীদের নাভিশ্বাস উঠে যায়। আর আমরা সরকার পরিচালনা করি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। এতিমের অর্থ আমরা আত্মসাৎ করি না। এতিমের অর্থ আত্মসাৎ করেছিল খালেদা জিয়া, মামলা দিয়েছিল কেয়ারটেকার সরকার। সেখানে ছিল খালেদা জিয়ার পছন্দের প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন, তার পছন্দের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন। খালেদা জিয়া এসে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর করেছিল, যিনি হয়েছিলেন প্রধান উপদেষ্টা। ৯ জন সেনা কর্মকর্তাকে ডিঙ্গিয়ে জেনারেল মঈনকে সেনা প্রধান করেছিলেন খালেদা জিয়া। এরা সকলেই খালেদা জিয়ার প্রিয় ব্যক্তিত্ব। তারাই খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমের অর্থ আত্মসাতের মামলা করেছিল। এতিমের অর্থ আত্মসাৎ করলে শাস্তি তো তাকে পেতেই হবে। কোরআন শরিফেই বলা আছে, এতিমের অর্থ চুরি করে খেও না। সেটাও তারা মানে না।’’
যত ধরনের অপকর্ম করা যায় তার সব বিএনপি করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘‘তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে মানুষকে পুড়িয়ে মারলো। আবার ২০১৫ সালে খালেদা জিয়া তার অফিসে গিয়ে বসে থাকলো। তিনি নাকি সরকার উৎখাত না করে ঘরে ফিরবেন না। বাংলাদেশের মানুষ তা প্রতিরোধ করায় নাকে খত দিয়ে তিনি বাড়ি চলে গেলেন।
শেখ হাসিনা আরও বলেন, ‘‘যারা দুর্নীতি-লুটপাট করেছে, তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছে। আমাদের ২২ জন নেতা-কর্মী মারা গেছে। সেই স্প্লিন্টার বুকে নিয়ে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী এখনও জীবনযাপন করছে। তার পরে তারা শুরু করলো অগ্নি সন্ত্রাস। কোন মানুষ কি মানুষকে পুড়িয়ে মারতে পারে? জীবন্ত মানুষকে বিএনপি পুড়িয়ে মেরেছে।’
মানুষকে যারা মানুষ বলে গণ্য করে না, তারা কীভাবে ধানের শীষে ভোট চায়’, প্রশ্ন রাখেন শেখ হাসিনা।
তিনি বলেন, ধানের শীষে ভোট মানেই দুর্নীতি, ৫ জায়গায় বোমা হামলা, জঙ্গিবাদ, মানি লন্ডারিং, এতিমের অর্থ আত্মসাৎ। আর নৌকা মার্কা মানেই সমৃদ্ধি, স্বাধীনতা ও জনগণের ভাগ্য উন্নত হওয়া। নৌকা মার্কা মানেই এদেশের মানুষের কল্যাণ হওয়া। বাংলাদেশের মানুষ যার শুভ ফল পাচ্ছে। কাজেই তা বিবেচনা করে আমাদের মহানগরের প্রার্থীদের ভোটাধিকার চাই।’’
ঢাকার নাগরিক সুবিধা বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ঢাকায় বস্তির মধ্যে অনেক মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে। আমরা এমন ব্যবস্থা নিচ্ছি যাতে আর তারা এভাবে না থাকেন। ফ্ল্যাটে থাকবেন তারা। স্বল্প আয় ও নিম্ন আয়ের মানুষরা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, সে ব্যবস্থা করে দেবো।’’
তিনি আরও বলেন, ‘‘ঢাকার নাগরিক সুবিধা বাড়াতে মেট্রোরেল হচ্ছে। অ্যালিভেটেড এক্সপ্রেস হবে। এসব নিয়ে কাজ চলছে। গুলশান-বনানী থেকে শুরু করে সমগ্র ঢাকার উন্নয়ন হয়েছে। বিশেষ করে যেসব ইউনিয়ন ছিল সেগুলোকে ঢাকা সিটি করপোরেশনের সঙ্গে সংযুক্ত করে দিয়েছি। মানুষ যাতে নাগরিক সুবিধা পায় সেজন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।’
জঙ্গিবাদ দমন প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এই গুলশানে যখন হলি আর্টিজানে হামলা হলো, সবাই ধারণা করেছিল এর কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু মাত্র ৮-৯ ঘণ্টায় আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, ‘‘এক সময় বাংলাদেশকে খরা, দুর্ভিক্ষ, দুর্যোগ, অভাবের দেশ বলা হতো। যারা বিদেশে যেতেন তাদের এসব প্রশ্নের সম্মুখীন হতে হতো। তবে সেই বদনাম আর নাই। আজকে আর কারও কাছে হাত পেতে আমাদের চলতে হয় না। বাংলাদেশ আজ ভিক্ষুকের দেশ না। নিজের পায়ে দাঁড়াতে শিখেছে।’’
নিজ বক্তব্যে বেসরকারি খাতসহ তার সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘‘প্রায় ৪৪টি টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে, ৩৬টি চালু হয়েছে। অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বেসরকারি ব্যাংক, বিমা ও শিল্প কারখানায় মানুষের চাকরি হচ্ছে। প্রায় সোয়া কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং দেশে উৎপাদন বাড়বে, দেশের অর্থনীতি আরও মজবুত হবে। দেশ যাতে আরও উন্নত হয় সে দিকে নীতিমালা গ্রহণ করেই আমরা কাজ করে যাচ্ছি।’’
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্যাহ। এ সময় ঢাকা মহানগরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুস সবুর, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার প্রমুখ।



