রূপসী বাংলা সাংস্কৃতিক প্রতিবেদন: আগামী ১০ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ১৭তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জমজমাট আসর। বাংলাদেশে অনুষ্ঠিত চলচ্চিত্রের সবচেয়ে বড় এ উৎসবে পৃথিবীর বিভিন্ন দেশের অসংখ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। ইতোমধ্যেই উৎসবের তোড়জোড় শুরু হয়ে গেছে। উৎসবে দেখানো হবে এমন চলচ্চিত্রগুলোর বিষয়ে সেন্সর বোর্ডের অনুমোদনও নেওয়া হয়েছে। চলছে উদ্বোধনের শেষ মুহুর্তের প্রস্তুতি। গেল ২৭ বছর ধরে রেইনবো চলচ্চিত্র সংসদ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এই এবারের উৎসবের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’।
এরই মধ্যে উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে রেইনবো চলচ্চিত্র সংসদ। এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশন-এ বাংলাদেশসহ ৭২টি দেশের মোট দুইশ’ ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন, অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়তন ও যমুনা ব্লকবাস্টার সিনেমায় উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
এছাড়াও উৎসব চলাকালে ৭২টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি এবং আয়োজক প্রতিষ্ঠান রেইনবো চলচ্চিত্র সংসদ এবং অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দর্শকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।
প্রতিবারের মতো এবারও উৎসবে ১১ ও ১২ জানুয়ারি রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘উইমেন্স ফিল্ম মেকারস কনফারেন্স’। এতে আন্তর্জাতিক নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বরা অংশ নেবেন। আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়, সারা বিশ্বেই নারীদের অবস্থান পরিবর্তন ঘটছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও নারীদের সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটছে। এসব বিষয়ে তথ্যাবলী উৎসবে উপস্থাপিত হবে। এই উদ্দেশে এবারের উৎসবে পঞ্চমবারের মতো নারী চলচ্চিত্র নির্মাতারা অংশ নিচ্ছেন।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে মোট ১২ জন বিচারকের নাম ও তাদের সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ করা হয়। সেখানে দেখা গেছে উৎসবের ১৭ তম আসরে বিচারক হিসেবে বিদেশি চলচ্চিত্রকারদের সঙ্গে থাকছেন বাংলাদেশের অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও নির্মাতা ও প্রযোজক রুবাইয়াত হোসেন।
প্রচ্ছদের ছবি: অভিনয় শিল্পী ইলিয়াস কাঞ্চন এবং নির্মাতা ও প্রযোজক রুবাইয়াত হোসেন।



