
আইএমএফ-এর প্রধান উপদেষ্টা ভারতের গীতা
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক:
আন্তর্জাতিক অর্থ সংস্থার (আইএমএফ) প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত গীতা গোপীনাথ।|
গত সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে আইএমএফ-এর দায়িত্ব গ্রহণ করেছেন গীতা গোপীনাথ। যদিও অর্থনীতিবিদ হিসাবে আইএমএফ-এ তার অভিষেক হয় গত অক্টোবরেই। ৩১ ডিসেম্বর আইএমএফ-এর অর্থনৈতিক কাউন্সিলর ও গবেষণা বিভাগের ডিরেক্টর পদ থেকে অবসর নিয়েছেন মরি ওবস্টফেল্ড। তার জায়গায় এলেন ৪৭ বছর বয়সী গীতা।
আইএমএফ-এর দায়িত্ব হাতে পেয়ে কোন বিষয়গুলিকে প্রাধান্য দেবেন তিনি, তা নিয়ে প্রশ্ন করলে গীতা জানান,‘আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থনীতিতে এই মুহূর্তে ডলারের প্রাধান্য রয়েছে। ডলারের মাধ্যমেই একে অপরের সঙ্গে লেনদেন চালায় বেশিরভাগ দেশ। কিন্তু আন্তর্জাতিক মূল্য এবং অর্থনৈতিক ব্যবস্থায় তার কী প্রভাব পড়ছে, তা খতিয়ে দেখাই লক্ষ্য আমার।’
যে বিশ্বায়নের উপর ভর করে অর্থনৈতিক বিপ্লবের স্বপ্ন দেখেছিল সারা বিশ্ব, যাতে শুল্কের পরিমাণ কমিয়ে লেনদেনকেই অগ্রাধিকার দেওয়া হয়। ইদানিং তাতে খানিকটা ভাটা পড়েছে। গত কয়েক মাসে শুল্কের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। একইভাবে তাদের পাল্টা জবাব দিয়েছে চীনসহ বেশ কিছু দেশ।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তেও বাণিজ্যিক নিয়ম-নীতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিগত ৫০-৬০ বছরে এমন পরিস্থিতি দেখা দেয়নি কখনও। যত শীঘ্র সম্ভব তা সেই সমস্যারও সমাধান বের করতে ইচ্ছুক গীতা।
আইএমএফ-এ যোগ দেওয়ার আগে দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন গীতা গোপীনাথ। ১৯৭১ সালে কলকাতায় জন্ম তার। মা-বাবা কেরালার বাসিন্দা। তার বাবা একজন কৃষক এবং মা গৃহবধূ।
দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন তিনি। দিল্লি স্কুল অফ ইকনমিকস থেকে স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা শেষ করেন। অর্থনীতিতে ডক্টরেট করেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন এবং প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে। ২০১০ সালে হার্ভার্ডের অর্থনীতি বিভাগের স্থায়ী অধ্যাপিকা নিযুক্ত হন গীতা।
হার্ভার্ডের ইতিহাসে গীতা হচ্ছেন তৃতীয় নারী যিনি অর্থনীতি বিভাগের টেনিয়োর্ড প্রফেসর। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পরে প্রথম ভারতীয়ও। ২০১৪ সালে আইএমএফের স্বীকৃতি পেয়েছেন ৪৫ বছরের কম বয়সী বিশ্বের ২৫ জন প্রথম সারির অর্থনীতিবিদ হিসেবেও।
শুধু শিক্ষাকতা নয়। জি-২০ গোষ্ঠী নিয়ে অর্থ মন্ত্রণালয়ের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন গীতা। এর আগে তিনি কেরালার পিনারাই বিজয়ন সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি।
তার স্বামী ইকবাল ধালিওয়াল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির অর্থনৈতিক বিভাগের আব্দুল লতিফ জামিল পভার্টি অ্যাকশন ল্যাবের এক্সিকিউটিভ ডিরেক্টর।
সূত্র: আনন্দবাজার



