
মেলবোর্নেও ইতিহাসের হাতছানি বিরাটদের
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে কোহলি অ্যান্ড কোং৷ বিরাটবাহিনীর সামনে আরও ইতিহাসের হাতছানি৷ মেলবোর্নে সিরিজের শেষ ওয়ান ডে জিতলে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতবে ভারত৷
তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-১ অবস্থায় শুক্রবার এমসিজি-তে নামছে ভারত ও অস্ট্রেলিয়া৷ সিডনিতে সিরিজের প্রথম ম্যাচে বিরাটরা ৩৪ রানে হারলেও মঙ্গলবার অ্যাডিলেড ওভালে দ্বিতীয় ম্যাচে অজিদের ৬ উইকেটে হারিয় সিরিজে সমতা ফেরাত ভারত৷ সুতরাং মেলবোর্নে জিতলে টেস্ট সিরিজের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতবে টিম ইন্ডিয়া৷
১৯৮৩ ভারতের বিশ্বকাপ জয়ের দু’ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত৷ অর্থাৎ ১৯৮৫ বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিল সুনীল গাভাস্করের ভারত৷ মেলবোর্নে ফাইনালে পাকিস্তাকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ‘মেন ইন ব্লু’৷ ২৩ বছর পর অর্থাৎ ২০০৮-এ অস্ট্রেলিয়ার মাটিতে সিবি সিরিজ জেতে ভারত৷ এটাও দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ ছিল না৷ ত্রিদেশীয় সিরিজে ভারত, অস্ট্রেলিয়া ছাড়া তৃতীয় দলটি ছিল শ্রীলঙ্কা৷ বেস্ট অফ থ্রি ফাইনালে অস্ট্রেলিয়াকে প্রথম দু’টি ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির ভারত৷



