প্রবাস

প্রবাসী ভোটারদের নিবন্ধিত করার পরিকল্পনা ইসির, জানালেন সিইসি

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ব্যবস্থা চালু করতে নির্বাচন কমিশন (ইসি) পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেন, কমিশন প্রবাসী বাংলাদেশিদের বসবাসের কেন্দ্র সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়া ও কানাডার বিভিন্ন জায়গায় কার্যালয় স্থাপন করবে।

বৃহস্পতিবার ‘মেকিং আওয়ার ইলেকশন ইনক্লুসিভ অ্যান্ড অ্যাকসেসেবল’ শীর্ষক দুই দিনব্যাপী আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা তুলে ধরে তিনি এসব কথা বলেন।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে ভারতের নির্বাচন কমিশন এ সম্মেলনের আয়োজন করে। সিইসি জানান, এক কোটির অধিক বাংলাদেশি বিশ্বের ১৫৭টি দেশে বাস করেন এবং এসব প্রবাসীর অনেকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি ও তাদের জাতীয় পরিচয়পত্র নেই।

তিনি বলেন, ভোটার নিবন্ধনের সম্ভাব্যতা যাচাই করতে কারিগরি ও অ-কারিগরি বিশেষজ্ঞদের দল প্রবাসীদের থাকা দেশগুলো সফর করবে।

সম্মেলনে বাংলাদেশ ছাড়াও নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, কাজাকস্তান ও রাশিয়ার নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছেন। সেই সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগ দিয়েছেন। উদ্বোধনী অধিবেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

একাদশ সংসদ নির্বাচন আয়োজনের পর প্রথম বিদেশ সফরে গিয়ে সিইসি নুরুল হুদা বলেন, সব নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে বাংলাদেশের এ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বার্তা অনুযায়ী, জাতীয় নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। যেখানে ২৫ হাজার স্থানীয় (৮১টি সংস্থার) এবং ১৬০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ভোটদান কার্যক্রম স্বাধীনভাবে পর্যবেক্ষণ করেছেন।

নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশন তরুণ ভোটারদের প্রতি নজর দিয়েছে এবং তাদের তালিকাভুক্ত করার জন্য এসএমএস, টেলিভিশন বিজ্ঞাপন, রেডিও, পোস্টার ও লিফলেটের মাধ্যমে উৎসাহ দেয়া হচ্ছে। সেই সাথে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে ভোটার সচেতনতা কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension