
গুরুতর অসুস্থ সোনু নিগমকে ভর্তি হতে হয় আইসিইউ-তে
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: অসুস্থ সোনু নিগম। প্রকাশ্যে এসেছে তাঁর সেই ছবি।
জানা গিয়েছে মুম্বইয়ের এক রেস্তোরাঁয় ডিনার করার পরই আসুস্থ হয়ে পড়েন তিনি। গোটা শরীরজুড়ে অ্যালার্জি বেরিয়ে যায় ৷ আর সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান তিনি ৷ কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে ৷ বীভৎস অবস্থা হতে থাকে ধীরে ধীরে ৷
ঘটনাটি দিনকয়েক আগের ৷ বান্দ্রার কুরলা কমপ্লেক্সে ডিনার করতে গিয়েছিলেন বলিউড গায়ক সোনু নিগম। আর সেখানকার খাবার খেয়েই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন সোনু ৷ সেখান থেকে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
চিকিৎসা যাতে দ্রুত হয়, তাই আইসিইউতে ভর্তি হন সোনু। হাসপাতালের চিকিৎসকরাই তাঁকে এই পরামর্শ দেন। নানাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে, দু’দিন চিকিৎসার পর গায়ক এখন অনেকটাই সুস্থ। তবে সম্পূর্ণ সুস্থ হতে তাঁর আরও দিনকয়েক সময় লাগবে।
সোনু নিগমের পরবর্তী কনসার্ট রয়েছে ওড়িশায়। মনে করা হচ্ছে সেই কনসার্টে যেতে পারবেন তিনি। তার তোড়জোড়ও শুরু করে দিয়েছেন তিনি।
কিছুদিন আগে এক ফ্যানের হাত মুচড়ে দেওয়ার জন্য খবরে এসেছিলেন সোনু নিগম। গত মাসের শেষের দিকে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে স্পষ্ট দেখা গিয়েছিল এক ভক্ত সোনু নিগমের সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন। উত্তেজনার খাতিরেই গায়কের কাঁধে হাত রেখেছিলেন তিনি। কিন্তু মুহূর্তেই ঘটে যায় অঘটন। ভক্তের হাতটি ধরে মুচকে দেন গায়ক।



