
বিয়ের প্রস্তুতি থামিয়ে দিল রাজৌরির বিস্ফোরণ
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: শনিবার সকাল অবধি বিস্ত পরিবারের ব্যস্ততা ছিল তুঙ্গে৷ বাড়ির ছেলে বিয়ে বলে কথা৷ সেই প্রস্তুতিতে ব্যস্ত ছিল সবাই৷ কিন্তু ওই দিন বিকালে বাড়ির সদস্যদের মাথায় বাজ ভেঙে পড়ল ৷ খবর এল রাজৌরির সীমান্তে আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছেন মেজর চিত্রেশ সিং বিস্ত৷ এক লহমায় খুশি বদলে গেল বিষাদে৷ ছেলের প্রয়াণের খবরে শোকে বিহ্বল গোটা পরিবার৷
রাজৌরির নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর আইইডি পুঁতে রেখেছিল জঙ্গিরা৷ খবর পেয়ে শনিবার বিকালে সেখানে যান মেজর চিত্রেশ৷ নিস্ক্রিয় করার সময় সেটি ফেটে যায়৷ শহিদ হন চিত্রেশ৷ আর কিছুদিন পরই দেরাদুনের বাড়িতে ফেরার কথা ছিল ৩১ বছরের তরুণ সেনার৷ কারণ মার্চ মাসে তাঁর বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছিল৷ ছুটিও মঞ্জুর হয়ে গিয়েছিল৷ বাড়ি তিনি ফিরবেন ঠিকই৷ তবে কফিনবন্দি হয়ে৷

বৃহস্পতিবার পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় এখনও ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। তার ৪৮ ঘণ্টার মধ্যে ফের রক্তাক্ত উপত্যকা৷ দেশের ইতিহাসে সবথেকে বড় জঙ্গি হামলার পর শুক্রবার সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে৷ জঙ্গিদের বিরুদ্ধে কবে, কখন ও কীরকম অভিযান চালানো হবে তা ঠিক করবে সেনা৷ একটি অনুষ্ঠানে এসে এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বলেন, ‘‘সন্ত্রাসবাদ দমনে ভারতীয় সেনাকে পুরো স্বাধীনতা দেওয়া হল৷ কী কায়দায় জবাব দেওয়া হবে তা ঠিক করবে নিরাপত্তা বাহিনী।’’
পাশাপাশি মোদী পুলওয়ামার হামলাকারীদের সতর্ক করে দেন৷ বদলার সুরে জানান, হামলাকারীরা বড় ভুল করেছে৷ এর চরম মূল্য তাদের চোকাতে হবে৷ মোদী বলেন, ‘‘জঙ্গি ও তাদের মদতদাতাদের বলতে চাই তারা বড় ভুল করেছে৷ এর চরম মূল্য চোকাতে হবে৷ এই হামলার জন্য যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে আছে সরকার৷ তারা বিচার পাবে৷’’



