খেলা

দশম উইকেটে বিশ্বরেকর্ড গড়ে থ্রিলার জয় শ্রীলঙ্কার

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : কিংসমেড ডারবানে বিশ্বরেকর্ড। দক্ষিণ আফ্রিকার ৩০৪ রান তাড়া করতে নেমে বিশ্বরেকর্ড গড়ল শ্রীলঙ্কা। আর সেই বিশ্বরেকর্ডের কান্ডারি কুশল পেরেরার অপরাজিত দেড় শতরানে ভর করে স্মরণীয় জয় ছিনিয়ে নিল সফরকারী দল। দশম উইকেটে কুশল পেরেরা-বিশ্ব ফার্নান্দোর অবিভক্ত রেকর্ড ৭৮ রানে দক্ষিণ আফ্রিকাকে প্রথম টেস্টে ১ উইকেটে হারাল শ্রীলঙ্কা।

ডু প্লেসিদের ছুঁড়ে দেওয়া ৩০৪ রানের বিরাট লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম টেস্টের চতুর্থদিন হার একপ্রকার নিশ্চিত হয়ে যায় দ্বীপ রাষ্ট্রটির। ২২৬ রানে ৯ উইকেট হারিয়ে একসময় পরাজয়ের প্রহর গুনতে থাকে শ্রীলঙ্কা। সেখান থেকে হাল ধরেন কুশল পেরেরা ও বিশ্ব ফার্নান্দো। ফার্নান্দোকে সঙ্গে নিয়ে শতরানের অদূরে দাঁড়িয়ে থাকা পেরেরা ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে নিশ্চিত করেন দলের থ্রিলার জয়। উলটোদিকে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকান বোলারদের সামনে ফার্নান্দোর নাছোড় লড়াই বহুদিন মনে রাখবেন ক্রিকেট অনুরাগীরা।

অন্তিম উইকেটে ৭৮ রানের জুটিতে ৬৮ রানের অবদান কুশল পেরেরার। কিন্তু ২৭ বলে ফার্নান্দোর ৬ রানের ইনিংস চতুর্থদিন ডারবানে ছিল প্রায় শতরানের সমান। দুরন্ত পেরেরা কার্যত একার কাঁধে ম্যাচ বের করে আনলেও তাঁর সতীর্থের দুরন্ত ইনিংস দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যেতে সাহায্য করল শ্রীলঙ্কাকে।

শ্রীলঙ্কার এই জয় ডারবানে ১০০ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। টানা সাতটি সিরিজ জয়ের পর ঘরের মাঠে প্রোটিয়াদের বিজয়রথ থামানোর পথে এদিন বিশ্বরেকর্ড গড়লেন শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান। চতুর্থ ইনিংসে রান তাড়া করতে নেমে দশম উইকেটে ৫৭ রানের পার্টনারশিপই এতদিন ছিল পয়লা নম্বরে।

২৫ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনজামাম উল হক ও মুস্তাক আহমেদের ঝুলিতে এতদিন ছিল সেই নজির। এবার তা ভেঙে দিয়ে নয়া বিশ্বরেকর্ড গড়লেন কুশল পেরেরা ও বিশ্ব ফার্নান্দেজ। কিংসমেডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে দশম উইকেটে ৭৮ রান তুলে নয়া বিশ্বরেকর্ড সেট করলেন তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension