
গোপালগঞ্জে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জে অভিযান চালিয়ে ১৯০টি ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে সদর উপজেলার গোপীনাথপুর ও সুলতানশাহী থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার বেদগ্রাম এলাকার মুসা শেখের ছেলে তানসেন শেখ, সুলতানশাহী গ্রামের লিপু ও আরমান এবং কাশিয়ানী উপজেলার সরইকান্দী গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আ. করিম মোল্লা।
এএসপি (সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সিগারেটের প্যকেটে করে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী তানসেন ও করিমকে গ্রেফতার করা হয়।
পরে তাদের কাছে থাকা সিগারেটের প্যাকেট থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে, গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার সুলতানশাহী এলাকায় অভিযান চালিয়ে লিপু ও আরমান নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় এদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।



