
জাগুয়ারের সঙ্গে সেলফি তুলতে গিয়ে এ কী হাল!
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের শনিবার ওয়াইল্ডলাইফ ওয়ার্ল্ড জু চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে ঘুরে ঘুরে ছবি তুলছিলেন ৩০ বছর বয়সী এক নারী।
এক পর্যায়ে হিংস্র জানোয়ার জাগুয়ারের সঙ্গে সেলফি তোলার খায়েশ হয় তার। তিনি খাঁচার বাইরে থেকেই সেলফি তোলার চেষ্টা চালাতে থাকেন। তখন খেপে গিয়ে ওই নারীর ওপর হামলে পড়ে জাগুয়ারটি।
মেট্রো ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র শন গিলেল্যান্ড রবিবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানান, ওই নারী জাগুয়ারের খাঁচার কাছে একটি সেলফি নিতে গেলে পশুটি বেরিয়ে এসে হামলা চালায়। থাবা দিয়ে জড়িয়ে ধরে ওই নারীকে। ওই নারীকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার আঘাত গুরুতর নয়। তিনি বর্তমানে সুস্থ আছেন তিনি।
প্রত্যক্ষদর্শী অ্যাডাম উইলকারসন জানান, তিনি ও তার মা শনিবার সন্ধ্যায় ওই নারীর চিৎকার শুনে সাহায্যের জন্য দৌড়ে যান।
তিনি আরো বলেন, ‘আমাদের দেখে জাগুয়ারটি সরে যায়। আমার মা ওই নারীকে পানির বোতল দেন। তার সোয়েটারে জাগুয়ারের থাবা লেগেছিল।’
ওয়াইল্ডলাইফ ওয়ার্ল্ড জু’র মালিক ওলসন বলেন, ‘সাধারণ মানুষকে একেবারে দূরে রাখা যাবে এমন কোনও উপায় নেই। এ কারণেই মাঝে মাঝে এসব অপ্রীতিকর ঘটনা ঘটে। আমরা সেখানে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। তবে লোকজন বেষ্টনী অতিক্রম করলে তো তাদের সমস্যায় পড়তেই হবে।’

তিনি আরো জানান, লোকজনের ভুলের কারণেই এ জাতীয় দুর্ঘটনা হয়ে থাকে। শনিবারও এর ব্যতিক্রম হয়নি।
এর আগে গত গ্রীষ্মে একটি পুরুষ জাগুয়ার নিউ অর্লেন্সের অডুবুন চিড়িয়াখানা থেকে পালিয়ে যায় এবং ওইখানেই নয়টি প্রাণিকে হত্যা করে।
জাগুয়াররা ৮৫টিরও বেশি প্রজাতির শিকার করে বলে জানিয়েছে প্রাকৃতিক সংরক্ষণ কেন্দ্রের আন্তর্জাতিক সংস্থা। কেন্দ্রীয় ও দক্ষিণ আমেরিকার জঙ্গলে এদের আবাস, কিন্তু আইইউসিএন জানিয়েছে দক্ষিণের দিকে এরা বিপন্নতার সম্মুখীন হচ্ছে।
Wildlife World Zoo চিড়িয়াখানায় ৬০০টিরও বেশি প্রজাতি রয়েছে। পেঙ্গুইন ও হাঙ্গরসহ চিড়িয়াখানার অ্যাকোয়ারিয়ামে জলজ প্রাণি রয়েছে ৭৫টির বেশি।
ওলসন জানান, প্রাণিদের কাছ থেকে দর্শকদের দূরে রাখার জন্য আরও বেষ্টনী দেয়া উচিত কিনা তা খতিয়ে দেখবেন চিড়িয়াখানার কর্মকর্তারা।
সূত্র: বিবিসি/এনডিটিভি



