
দুটি লোকসভা কেন্দ্র থেকে লড়তে পারেন রাহুল, জল্পনা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: একটি নয়, বরং দুটি লোকসভা কেন্দ্র থেকে লড়তে পারেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এই নিয়ে জোর জল্পনা চলছে দলের অন্দরে৷ দলের একটা অংশের নেতারা চাইছেন রাহুল এবার দুটি কেন্দ্র থেকে লড়ুক৷ তবে কংগ্রেস সভাপতি এই নিয়ে কোনও সিদ্ধান্তে আসেননি৷
বরাবর উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন রাহুল৷ এবারও তার ব্যাতিক্রম হবে না৷ তবে আমেঠি ছাড়া রাহুল আরও একটি কেন্দ্র থেকে লড়াই করুক, চান দলের একাংশ৷ রাহুল গান্ধী যাতে দক্ষিণ ভারতের কোনও একটি কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই নিয়ে তারা সক্রিয় হয়ে উঠেছে৷ এক্ষেত্রে তাদের পছন্দের তালিকায় রয়েছে কর্ণাটক৷
লোকসভা ভোটে একসঙ্গে দুটি কেন্দ্র থেকে লড়াই করার নজির বহু আছে৷ জনপ্রতিনিধি আইনেও বলা আছে প্রার্থী চাইলে দুটি কেন্দ্র থেকে লড়তে পারেন৷ ১৯৯৯ সালে তৎকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী উত্তরপ্রদেশের আমেঠি ও কর্ণাটকের বেল্লারি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷ ওই বছর বেল্লারিতে দাঁড়িয়েছিলেন বিজেপির সুষমা স্বরাজ৷ তিনি সোনিয়া গান্ধীর কাছে হেরে যান৷
২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান৷ একটি উত্তরপ্রদেশের বারাণসী, অপরটি গুজরাতের ভদোদরা৷ এবারও তাঁর প্রবল সম্ভাবনা আছে দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার৷ বারাণসী কেন্দ্রটি চূড়ান্ত হয়ে রয়েছে৷ অপরকেন্দ্রটি সম্ভবত ওড়িশার পুরী৷



