
টস জিতে কোহলিদের ব্যাটিংয়ে পাঠালেন ধোনি
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ধোনিদের বিরুদ্ধেই চলতি আইপিএলে অভিযান শুরু হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্সের। প্রথমে ব্যাট করে সেই ম্যাচে মাত্র ৭০ রানেই গুটিয়ে গিয়েছিল কোহলি অ্যান্ড কোম্পানি। হারতে হয়েছিল ৭ উইকেটে। রবিবাসরীয় চিপকে ফিরতি ম্যাচে ফের মুখোমুখি ধোনি-কোহলি।
ফিরতি ম্যাচেও টস জিতে রান তাড়া করার পথেই হাঁটলেন মহেন্দ্র সিং ধোনি। টানা ৪ ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে ধোনিহীন সানরাইজার্সের বিরুদ্ধে হারতে হয়েছে ঘরের মাঠে। কিন্তু প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করার লক্ষ্যে লিগ টপার সিএসকে। রবিবার তাই ফের জয়ের সরণিতে ফিরতে চাইবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
র্য্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে দলে ফিরলেন ধোনি। অন্যদিকে স্যাম বিলিংসের পরিবর্তে দলে ঢুকলেন ডোয়েন ব্র্যাভো। অন্যদিকে গত ম্যাচে নাইটদের বিরুদ্ধে জয়ের পর চনমনে বিরাটব্রিগেড। চিপকে জয়ের ধারা বজায় রাখার লক্ষ্যে ধোনিদের বিরুদ্ধে বিরাটের দলে জোড়া পরিবর্তন। হেনরিচ ক্লাসেনের পরিবর্তে ফিট হয়ে একাদশে এলেন এবি ডি’ভিলিয়ার্স। পাশাপাশি মহম্মদ সিরাজের পরিবর্তে দলে উমেশ যাদব।
একনজরে সুপার কিংস একাদশ: ওয়াটসন, ডু’প্লেসি, রায়না, রায়ডু, কেদার, ধোনি, ব্র্যাভো, জাদেজা, চাহার, শার্দুল ও তাহির।
একনজরে রয়্যাল চ্যালেঞ্জার্স একাদশ: পার্থিব, কোহলি, ডি’ভিলিয়ার্স, মইন, স্টোওনিস, আকাশদীপ, নেগি, স্টেইন, উমেশ, চাহাল ও সাইনি।



