খেলা

ঋষভের মরুঝড়ে লিগ শীর্ষে দিল্লি

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ব্যর্থ অজিঙ্কা রাহানের অনবদ্য শতরান৷ জয়পুরে মরুঝড় তুলে দিল্লি ক্যাপিটালসকে দুরন্ত জয় এনে দিলেন ঋষভ পন্ত৷ মূলত ঋষভের আগ্রাসী হাফসেঞ্চুরির সুবাদেই রাজস্থান রয়্যালসকে তাদের ঘরের মাঠে ৬ উইকেটে পরাজিত করে দিল্লি৷ প্রথমে ব্যাট করে রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে৷ জবাবে ক্যাপিটালস ১৯.২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯৩ রান তুলে ম্যাচ জিতে যায়৷

রাজস্থানের বিরুদ্ধে জয়ের সুবাদে চেন্নাই সুপার কিংসকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে শ্রেয়স আইয়াররা৷ ১১ ম্যাচে ৭টি জয় তুলে নিয়ে ক্যাপিটালস ১৪ পয়েন্ট পকেটে পোরে৷ এখান থেকে প্লে-অফে জায়গা করে নেওয়া কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে ক্যাপিটালসের৷ চেন্নাই ওক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে৷ তবে তাদের নেট রানরেট দিল্লির তুলনায় কম৷

রাজস্থান ইনিংসের গোড়াপত্তন করতে নেমে রাহানে ৬৩ বলে অপরাজিত ১০৫ রানের দুরন্ত ইনিংস খেলেন৷ আইপিএল কেরিয়ারে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি৷ ইন্ডিয়ান প্রিমিয়র লিগে তিনি প্রথম শতরানটি করেছিলেন সাত বছর আগে৷ ২০১২ সালে চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৬০ বলে অপরাজিত ১০৩ রান করেছিলেন অজিঙ্কা৷ সেই নিরিখে এটি শুধু তাঁর সর্বোচ্চ আইপিএল ইনিংসই নয়, বরং টি-২০ কেরিয়ারের সব থেকে বড় ইনিংস৷

একসময় রাহানেদের দু’শোর গণ্ডি টপকে যাওয়া কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল৷ শুরু থেকেই ওভার প্রতি ১০ রানের গড় বজায় রাখছিল রয়্যালস৷ তবে ৮টি বাউন্ডারির সাহায্যে স্মিথ ৩২ বলে ৫০ রান করে আউট হওয়ার পরেই ছবিটা বদলে যায়৷ স্মিথের এটি চলতি আইপিএলে তৃতীয় ও উপর্যুপরি দ্বিতীয় হাফসেঞ্চুরি৷

১৫ ওভারে ২ উইকেটে ১৫০ রান তোলা রাজস্থান শেষ ৫ ওভারে আরও ৪ উইকেট হারিয়ে ৪১ রান যোগ করে৷ রাহানে গোটা ইনিংসে ১১টি চার ও ৩টি ছক্কা মারেন৷ খাতা খোলার আগেই রানআউট হয়ে সাজঘরে ফেরেন স্যামসন৷ বেন স্টোকস ৮, টার্নার ০, বিনি ১৯ ও রিয়ান পরাগ ৪ রান করে আউট হন৷ রাবাদা ৩৭ রানের বিনিময়ে ২টি উইকেট নেন৷ ১টি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা, অক্ষর প্যাটেল ও ক্রিস মরিস৷ সব থেকে কৃপণ বোলিং করেছেন ইশান্ত৷ তিনি ৪ ওভারে ২৯ রান খরচ করেছেন৷

বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি শুরুটা করে যথাযথ ভঙ্গিতে৷ ওপেনিং জুটিতে শিখর ধাওয়ান ও পৃথ্বী শ ৭.৩ ওভারে ৭২ রান যোগ করেন৷ ধাওয়ান ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৫৪ রান করে শ্রেয়স গোপালের বলে আউট হন৷ এবারের আইপিএলে এটি তাঁর চতুর্থ হাফসেঞ্চুরি৷

শ্রেয়স আইয়ার মাত্র ৪ রান করে রিয়ান পরাগের বলে আউট হন৷ ঋষভ পন্তের সঙ্গে জুটি বেঁধে পৃথ্বী আরও ৮৪ রান যোগ করেন৷ শেষে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৪২ রান করে গোপালের দ্বিতীয় শিকার হন পৃথ্বী৷ রাদারফোর্ড ৫ বলে ১১ রান করে ধবল কুলকার্নিকে উইকেট দিলেও কলিন ইনগ্রামকে (৩) সঙ্গে নিয়ে ৪ বল বাকি থাকতেই দিল্লির জয় নিশ্চিত করেন ঋষভ৷ শেষ পর্যন্ত ব্যক্তিগত ৭৮ রানে অপরাজিত থাকেন পন্ত৷ ৩৬ বলের ঝোড়ো ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা হাঁকান ঋষভ৷ম্যাচের সেরা হয়েছেন তিনিই৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension