খেলা

নাইট ক্যাপ্টেনের পাশে দাঁড়ালেন কোচ

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : দ্বাদশ আইপিএলে শুরুটা মধুর হলেও ১০ ম্যাচের পর খাদের কিনারায় দাঁড়িয়ে কলকাতা নাইটরাইডার্স৷ টানা পাঁচ ম্যাচ হেরে আট দলের টুর্নামেন্টে ছ’ নম্বরে রয়েছে কেকেআর৷ নাইটদের পারফরম্যান্সে আঙুল উঠতে শুরু করেছে আন্ডার পারফর্ম ক্যাপ্টেন দীনেশ কার্তিকের দিকে৷ বৃহস্পতিবার রাজস্থান রয়্যালস ম্যাচের আগে অবশ্য ক্যাপ্টেন ডিকে’র পাশে দাঁড়াছেন কোচ জাক ক্যালিস৷

নতুন ক্যাপ্টেনের হাত ধরে লড়াইয়ে ফিরেছে রাজস্থান রয়্যালস৷ অজিঙ্ক রাহানেকে নেতৃত্ব থেকে সরিয়ে স্টিভ স্মিথের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছে রয়্যালস টিম ম্যানেজমেন্ট৷ স্মিথের নেতৃত্বে মুম্বইয়ে গিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে হারায় রাজস্থান৷ যদিও পরের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারে রয়্যালস৷ নাইটদের পরের ম্যাচ সেই রাজস্থানের বিরুদ্ধেই৷

টানা পাঁচ ম্যাচ হারের পর নাইটরাও কি নেতা বদলের পথে হাঁটবে? এই প্রশ্নের উত্তরে কেকেআর কোচ বলেন, ‘না৷ এ ব্যাপারে কোনও আলোচনা হয়নি৷ আশা করি কার্তিক রানে ফিরবে এবং দলও ভালো করবে৷’ চলতি আইপিএলে নাইট অধিনায়ক ফর্ম একদম তলানিতে৷ ৯টি ইনিংসে কার্তিকের ব্যাটিং গড় ১৬.৭১৷

রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচ থেকে ইডেনে দেখা যায়নি কেকেআর মালিক শাহরুখ খান৷ টিম সুত্রের খবর, দলের সেরা খেলোয়াড়দের মুম্বইয়ে ডেকে পাঠিয়েছেন কিং খান৷ এ ব্যাপারে কালিসকে জিজ্ঞেস করা হলে, তিনি বলেন, ‘মুম্বই যাওয়ার পর থেকে ছেলেদের সঙ্গে আমার কোনও কথা হয়নি৷ আমি যতদূর জানি, ডিকে একদিনের জন্য বাড়ি গিয়েছে৷ আশা করি আগামীকাল ওর সঙ্গে কথা হবে৷ সে সময় পরের ম্যাচের কৌশল নিয়ে আলোচনা হবে৷’

নাইটদের পারফর্মার আন্দ্রে রাসেল অবশ্য ইডেনে প্র্যাকটিস করছেন৷ কার্তিকের সঙ্গে মুম্বই গিয়েছেন শুভমন গিল ও কুলদীপ যাদব৷ মুম্বইয়ের কেকেআর অ্যাকাডেমিতে ওরা প্র্যাকটিস করছে বলে জানা গিয়েছে৷ কেকেআর অ্যাকডেমিতে এদের প্র্যাকটিস সম্পর্কে কালিস জানান, ‘ছেলেদের ব্রেক দরকার৷ সেই কারণে কয়েকদিনের জন্য ওদের ব্রেক দেওয়া হয়৷ শেষ কয়েকটি ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি৷’

নাইটদের আর মাত্র দু’টি হোম ম্যাচ রয়েছে৷ বৃহস্পতিবার ঘরের মাঠে নাইটদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস আর রবিবার ইডেনে কেকেআর খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে৷ আর দু’টি অ্যাওয়ে ম্যাচ হল ৩ মে মোহালি ও ৫ মে মুম্বইয়ে৷ চার ম্যাচের একটি হারলেই প্লে-অফের স্বপ্ন শেষ নাইটদের৷ সুতরাং শেষ চারটি ম্যাচই নাইটদের ‘ডু অর ডাই’৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension