
জুতো থেকে চড়: প্রকাশ্যে যতবার অপদস্থ হতে হয়েছে কেজরিওয়ালকে
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ফের কেজরিওয়ালের কপালে থুড়ি গালে জুটল চড়৷ শনিবার রোড শো চলাকালীন এক ব্যক্তি কষিয়ে কেজরির গালে পাঁচ আঙ্গুলের ছাপ বসিয়ে দেন৷ তবে এই প্রথম নয়৷ এর আগেও বহুবার প্রকাশ্যে অপদস্থ হতে হয়েছে কেজরিকে৷ কখনও উড়ে এসেছে জুতো৷ কখনও মুখে ছিটিয়ে দেওয়া হয়েছে কালি৷ আর চড় তো বহুবার গালে পড়েছে৷
নিন্দুকেরা বলে থাকে,দেশের কোনও মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে এতবার লাঞ্ছনা সহ্য করতে হয়নি যতটা কেজরিকে করতে হয়েছে৷ ২০১৩ সাল থেকে শুরু হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলার ‘সিলসিলা’৷ ২০১৯ এ এসেও থামার লক্ষ্মণ নেই৷ এই ছ’বছরে কেজরির উপর যতবার হামলা হয়েছে তার তালিকা তৈরি করলে যেরকম লাগবে…
২০১৯ সালের ফেব্রুয়ারিতে: দিল্লির নারেলা এলাকার ঘটনা৷ উন্মত্ত জনতা কেজরিওয়ালের গাড়ি ঘিরে ফেলে৷ লাঠি সোটা নিয়ে হামলা চালায়৷ প্রায় ১০০ মানুষ ওই দিন কেজরিওয়ালের গাড়ি আটকানোর চেষ্টা করেন৷ ওই দিন কেজরিওয়াল ২৫টি কলোনীর উন্নয়নমূলক কাজের উদ্বোধনে যাচ্ছিলেন৷
২০১৮ সালের নভেম্বর: দিল্লির সচিবালয়ে কেজরিওয়ালের ঘরের বাইরে তাঁর মুখে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেন এক ব্যক্তি৷ পুলিশ জানায়, মুখ্যমন্ত্রীর চোখে লঙ্কার গুঁড়ো ছেটাতে চেয়েছিল অভিযুক্ত৷ পরে তাকে ধরা হয়৷ ধরা পড়ার পর চিৎকার করতে করতে জানায় জেল থেকে বেরিয়ে এলে কেজরিওয়ালকে গুলি করে মারবে সে৷
২০১৬ সালের এপ্রিল: আম আদমি দলের এক সদস্য কেজরিওয়ালকে জুতো ছুঁড়ে মারে৷ তবে সেটি লক্ষভ্রষ্ট হয়৷
২০১৬ সালের মার্চ: পঞ্জাবের একটি গ্রামের ঘটনা৷ দিল্লির মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ করে ইট ও পাথর বৃষ্টি শুরু হয়৷ বিক্ষোভকারী ইট ও পাথরে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও বেঁচে যান অরবিন্দ কেজরিওয়াল৷
২০১৬ সালের জানুয়ারি: দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম আক্রমণ৷ রাজধানী দিল্লিতে সিএনজি দুর্নীতির অভিযোগে এক মহিলা কেজরির মুখে কালি ছেটান৷
২০১৪ সালের এপ্রিল: দিল্লির সুলতানপুরী এলাকায় রোড শো চলাকালীন কেজরিওয়ালকে মালা পরিয়ে তারপর তাঁকে দু’বার চড় মারেন এক অটো চালক৷
২০১৪ সালের বিধানসভা নির্বাচনের সময়: রোড শো চলাকালীন দক্ষিণপুরী এলাকায় কেজরির পিঠে ঘুসি মারেন এক ব্যক্তি৷
২০১৪ সালের মার্চ: বারাণসীতে লোকসভা ভোটপ্রচারের সময় কেজরির গাড়িতে ডিম ও কালি ছুঁড়ে মারা হয়৷
২০১৩ সালের নভেম্বর: দিল্লিতে আন্না হাজারের এক সমর্থক সাংবাদিক সম্মেলনে কেজরির মুখে কালি ছুঁড়ে মারে৷



