
বিজেপির বিরুদ্ধে সাংবাদিকদের ঘুষ দেওয়ার অভিযোগ প্রেস ক্লাবের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভোটারদের প্রভাবিত করতে সাংবাদিকদের কাছে টানার চেষ্টায় বিপাকে পড়ল বিজেপি৷ জম্মু কাশ্মীরে বিজেপির বিরুদ্ধে সাংবাদিকদের একাংশকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠল৷ অভিযোগের কেন্দ্রে স্বয়ং রাজ্য বিজেপি সভাপতি রাভিন্দর রায়না৷
পঞ্চম দফার ভোটের আগে এমন গুরুতর অভিযোগটি তুলল লাদাখ প্রেস ক্লাব৷ জানা গিয়েছে, লাদাখের কয়েকজন সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেন বিজেপি নেতারা৷ তাদেরকে পদ্ম শিবিরের জন্য ইতিবাচক কভারেজ করার প্রস্তাব দেওয়া হয়৷ বিনিময়ে তাদের টাকা দেওয়া হয়৷ অভিযোগ পাওয়া মাত্র তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷
যথারীতি পদ্ম শিবির থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ এক বিজেপি নেতা জানিয়েছেন, এই অভিযোগের কোনও সারমর্ম নেই৷ দল ঘুষ দেওয়ার নীতিতে বিশ্বাসী নয়৷ তারা সাংবাদিকতা পেশাকে সম্মান করে৷ বিজেপি এমন কোনও কাজ অতীতেও করেনি৷ ভবিষ্যতেও করবে না৷
বিবৃতি দিয়ে বিজেপি কোনও রকমে হাত ধুয়ে ফেলার চেষ্টা করলেও তাতে দমছেন না সাংবাদিকরা৷ তাদেরই একজন জানালেন, বৃহস্পতিবার লেহ একটি হোটেলে সাংবাদিক সম্মেলেনর আয়োজন করা হয়৷ তার কভারেজে যান চার জন সাংবাদিক৷ সম্মেলন শেষে রাভিন্দর রায়নার উপস্থিতিতে সাংবাদিকদের একটি খাম দেওয়া হয়৷ কেউ কেউ সেই খাম খুলতে গেলে তাদের বাধা দেওয়া হয়৷ বলা হয় ‘‘পরে গিয়ে খুলবেন’’৷
এতে কয়েকজন সাংবাদিকদের সন্দেহ হয়৷ তাদেরই একজন খাম খুলে দেখেন ভেতরে রাখা ৫০০ টাকার নোট৷ তিনি খামটি নিতে অস্বীকার করেন৷ কিন্তু বিজেপি নেতারা সেটি ফেরত নিতে চায়নি৷ ক্ষুব্ধ সাংবাদিকরা খামগুলি সেখানে রেখে চলে যান৷ এরপরই লাদাখ প্রেস ক্লাবের তরফে কমিশনের কাছে অভিযোগ জানানো হয়৷ ওই অভিযোগে বলা হয়, সাংবাদিকদের তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে বিজেপি৷ এই কাজ করে তারা আদর্শ আচরণবিধিও ভেঙেছে৷ কমিশন ছাড়াও পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়৷
২০১৪ সালে লাদাখ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয় বিজেপি৷ কংগ্রেস প্রার্থী মাত্র ৩৬ ভোটে হেরে যান বিজেপি প্রার্থীর কাছে৷ তবে এই পাঁচ বছরে ছবিটা সেখানে অনেকটা বদলেছে৷ বিজেপি লাদাখে অনেকটাই ব্যাকফুটে৷ খোদ সাংসদ দল থেকে ইস্তফা দিয়েছেন৷ বহু কর্মী দল ছেড়েছেন৷ অনেকে তো জানিয়েছেন, এবার এখানে বিরোধীদের পাল্লা ভারী৷



