
চৌকিদার নয়, পাগল বলা উচিত বিজেপি নেতাদের: সিদ্দারামাইয়া
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: নাবালিকা ধর্ষণ নিয়ে মন্তব্যের জন্য বিজেপি নেতা কেএস ইশ্বরাপ্পার সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন কণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ বিজেপি নেতাদের পাগল বলে মন্তব্য করেন৷ জানান, চৌকিদার নয়, ওরা নিজেদের পাগল বললে ভালো হয়৷ তাঁর দাবি, বিজেপি নেতারা বুঝে গিয়েছেন তারা ভোটে হারবে৷ হতাশগ্রস্ত হয়ে পড়েছে৷ আর সেই হারের ছাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ইশ্বরাপ্পার চোখে মুখে ধরা পড়ছে৷
বিবাদের সূত্রপাত কিছুদিন আগে৷ কেএস ইশ্বরাপ্পা সিদ্দারামাইমার সঙ্গে নাবালিকা ধর্ষণ নিয়ে তাদের কথোপকথন কিছু অংশ তুলে ধরেন৷ তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্দারামাইয়া৷ আর ইশ্বরাপ্পা ছিলেন বিধান পরিষদের বিরোধী নেতা৷ সেই সময় ছ’বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার খবরে উত্তাল কর্ণাটক৷ বিধানসভার বাইরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলে তাঁকে এই নিয়ে প্রশ্ন করেন ইশ্বরাপ্পা৷ আর মুখ্যমন্ত্রীর জবাব শুনে অবাক হয়ে যান বিজেপি নেতা৷
ইশ্বরাপ্পা বলেছিলেন, ‘‘যে কোনও ধর্ষণের ঘটনা বেদনাদায়ক৷ ছ’বছরের যে মেয়েটিকে ধর্ষণ করা হয় সে তো আমার নাতনির মতো৷ খবরটা পড়ে খুব মর্মাহত হই৷ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে এই নিয়ে প্রশ্ন করেছিলাম৷ জানতে চেয়েছিলাম কী ব্যবস্থা নেওয়া যেতে পারে? তিনি বলেছিলেন, কী আর করা যাবে? তাঁর উত্তর অবাক করে ইশ্বরাপ্পাকে৷ প্রশ্ন তোলেন, সিদ্দারামাইয়ার নাতনির সঙ্গে এমন ঘটলে তিনি কি এই জবাবই দিতেন?’’ শেষের এই প্রশ্নটি কংগ্রেস নেতাদের ক্ষুদ্ধ করে তোলে৷ সিদ্দারামাইয়া বিজেপি নেতাকে পাগল বলে অভিহিত করেন৷ কংগ্রেস নেতা দীনেশ গুন্ডু রাও ইশ্বরাপ্পার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন৷
অতীতেও বিতর্কিত মন্তব্যে করে ‘বদনাম’ কুড়ান ইশ্বরাপ্পা৷ ধর্ষণ নিয়ে এক প্রশ্নের জবাবে মহিলা সাংবাদিককে বলেছিলেন, আপনাকে যদি কেউ এখান থেকে টেনে নিয়ে যায় এবং ধর্ষণ করে তাহলে বিরোধীরা কী করবে? ইশ্বরাপ্পার এই মন্তব্য কর্ণাটক জুড়ে হইচই ফেলে দেয়৷



