
৪০ নয়, ১০০ টা বিধায়ক নিলে আবর্জনা মুক্ত হবে তৃণমূল: বিস্ফোরক মমতা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নৈহাটি পুরসভা ভবনের সামনে নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপির বিরুদ্ধে প্রথম প্রতিবাদ সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত নৈহাটি এবং ভাটপাড়া এলাকায় ঘর ছাড়া তৃণমূল কর্মীদের ঘরে ফেরানোর উদ্দেশ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে এই প্রতিবাদ সভা করেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রা পথে ভাটপাড়া এলাকায় তাকে কালো পতাকা দেখানোর চেষ্টা করে স্থানীয় কিছু বিজেপি কর্মী সমর্থক। তবে পুলিশ তাদের ধাওয়া করে হটিয়ে দেয় ।
এরপর মুখ্যমন্ত্রী যখন ঘোষপাড়া রোড ধরে নৈহাটির দিকে যাচ্ছিলেন, সেই সময় রিলায়েন্স জুটমিলের সামনে তার কনভয় পৌঁছলে তাঁর গাড়ির সামনে জয় শ্রীরাম শ্লোগান দেয় বিজেপি সমর্থকরা । তখন তিনি গাড়ি থেকে নেমে পড়েন এবং তেরে যান ওই বিজেপি সমর্থকদের দিকে । তাদের উদ্দেশ্যে বলেন, “তোমরা বাংলায় বেঁচে আছো আমাদের উদ্দেশ্যে ।” এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী কাঁকিনাড়া এলাকায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন । তাদের বর্তমান সমস্যার কথা জানার চেষ্টা করেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় মুখ্যমন্ত্রী নৈহাটিতে পৌঁছন । ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ও ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে জনগণের রায়ে পরাজয় স্বীকার করে নিয়ে মুখ্যমন্ত্রী স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রীয় শাসকদল বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, “আমার গাড়ির সামনে হামলা করতে এসেছিল, কত বড় সাহস । আমি চাইলে ওদের গ্রেফতার করতে পারতাম এক্ষুনি, কিন্তু যারা এসেছিল তাদের নাম আমি পুলিশকে দিয়েছি । বাংলা বাংলাই থাকবে, ওদের গুন্ডারা মেয়েদের ধরে টানাটানি করেছে, এসব আমার রাজ্যে চলবে না । পুলিশ যদি গুন্ডা, দুষ্কৃতীদের গ্রেফতার না করে তবে আমি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেব । সব হিন্দিভাষী খারাপ হয় না। তবে যারা গুন্ডামি করছে তাদের গ্রেপ্তার করতে হবে। বাংলায় কোন বাঙালি পরিবার ঘর ছাড়া থাকবে, এজিনিস আমি চলতে দেব না। আমি বিজেপিকে ঘৃণা করি ।
বাংলায় বিহারি, হিন্দু, বাঙালি, মুসলিম জাতিভেদ করতে দেব না। এলাকায় একটা বোমা, একটা অস্ত্র যেন না থাকে। আমি পুলিশের কাছে রিপোর্ট চাই । ৪০০ এফ আই আর হয়েছে, কোন অ্যাকশন হয়নি । আমি ৩ দিনের মধ্যে এর রিপোর্ট চাই । এলাকার সব দুষ্কৃতীদের নাম আমার কাছে আছে, ওদের গ্রেফতার করতে হবে । আজকে সিপিএমের হার্মাদরা বিজেপির জল্লাদে পরিণত হয়েছে। যারা সিপিএমের লোক বিজেপি হয়েছে, তারাই বিজেপিকে শেষ করবে । আমি বেনামে জুটমিল করতে দেব না । ৪০ কেন, ১০০ টা বিধায়ক নিয়ে নিন কিছু হবে না। আবর্জনা মুক্ত হবে আমার দল। আমি বুঝিয়ে দেব কত ধানে কত চাল। উল্লেখ্য, এখানেি রাজনৈতিকমহলের প্রশ্ন, তাহলে কি নিজেি নিজের দলের বিধায়কদের আবর্জনা মনে করছেন।
এরপরেই মমতা নাম না করে মুকুল রায়ের উদ্দেশ্যে বলেন, বড় গদ্দার কি কি করেছে সব খবর আছে। আমি মাঝে মাঝে এবার থেকে ব্যারাকপুরে ঢু মারব । আমি ১৪ জুন কাঁচরাপাড়ায় আসব, বুথ লেবেলে মিটিং করব। বুথ লেবেলে ব্লকে ব্লকে বঙ্গ জননী কমিটি হবে । পুরুষদের জন্য ব্লকে ব্লকে জয়হিন্দ বাহিনী হবে । আর এস এসের পাল্টা ৪০০ ব্লকে জয়হিন্দ বাহিনী হবে । মহিলারা বঙ্গ জননীর হয়ে কাজ করবে, পুরুষরা জয়হিন্দ বাহিনীর হয়ে কাজ করবে । নতুন প্রধানমন্ত্রী সন্ত্রাসের উড়ন্ত তুব্রি করলে বাংলা তা মেনে নেবে না । বঙ্গ জননী এবং জয়হিন্দ বাহিনীর ড্রেস কোড থাকবে । বিজেপির বিনাশ কালে বুদ্ধি নাশ, ভগবান তোমাদের মঙ্গল করুন । এর থেকে বেশী আর কিছু বলতে চাইনা ।” এদিন নৈহাটিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ফিরহাদ হাকিম, বিধায়ক পার্থ ভৌমিক, নির্মল ঘোষ, তাপস রায়, মদন মিত্র সহ উত্তর ২৪ পরগনা জেলার অন্যান্য নেতারা ।



