
কেন্দ্রে ফের মোদী সরকার, অযোধ্যায় বড় পদক্ষেপ সাধুদের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মাঝে ব্যবধান মাস খানেকের। এরই মধ্যে ফের বড় আকারের সাধু সমাবেশ হতে চলেছে অযোধ্যায়। সুদীর্ঘ এক সপ্তাহ ব্যপী চলবে সেই অনুষ্ঠান।
রাম মন্দির ট্রাস্টের প্রধান মোহন্ত নৃত্য গোপাল দাসের জন্মদিন পালন করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া বাহিনী। এই বিষয়ে সোমবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে অযোধ্যায়।
সোমবার মনি রাম চাভনিতে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শীর্ষ স্থানীয় প্রতিনিধিরা। এছাড়াও শতাধিক সাধু হাজির ছিলেন সেই সভায়। রাম মন্দির নির্মাণের সমর্থক বহু সাধারণ জনতার উপস্থিতিতে নৃত্য গোপাল দাসের জন্মদিন পালনের কথা ঘোষণা করা হয়েছে।
চলতি মাসের সাত তারিখে অর্থাৎ চলতি সপ্তাহের শুক্রবারে ট্রাস্ট প্রধানের জন্মদিন। ওই দিন থেকে শুরু হবে অনুষ্ঠান। এক সপ্তাহ ধরে চলা সেই অনুষ্ঠান চলতি মাসের আগামী ১৫ তারিখে শেষ হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমন্ত্রণ জানানো হবে।
এর আগে গত বছরের শেষের দিকে এই ধরণের সাধু সমাবেশের সাক্ষী থেকেছিল অযোধ্যা। একাধিক হিন্দুত্ববাদী সংগঠন সমাবেশ করেছিল অযোধ্যায়। যদিও সেটা ছিল কেবলই এক দিনের অনুষ্ঠান। এবারে আট দিনের অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছে। তবে দুই ক্ষেত্রেই মুখ্য উদ্দেশ্য একই রয়েছে। যা হল- অযোধ্যায় দ্রুত রাম মন্দিরের নির্মাণ। যা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক।
এই বিষয়ে মনি রাম চাভনির প্রধান মোহন্ত কমল নারায়ণ বলেছেন, “রাম মন্দির নির্মাণের উপযুক্ত সময় এসেছে। এই অবস্থায় অনেক সাধু একত্রিত হতে চাইছে। এই অবস্থায় মোহন্ত নৃত্য গোপাল দাসের জন্মদিন পালন করা হবে। এতে বিতর্কের কিছুই নেই। এই অনুষ্ঠানে প্রশ্ন তোলার মতোই কোনও বিষয় নেই।”
২০১৪ সালে বিপুল জনাদেশ নিয়ে কেন্দ্রের ক্ষমতা দখল করে এনডিএ। মোদী সরকারের পাঁচ বছরের শাসনকালে রাম মন্দির নির্মাণ হয়নি। যা নিয়ে হিন্দুত্ববাদীদের প্রবল ক্ষোভ ছিল। ২০১৯ সালে আগের থেকেও বেশি আসন পেয়েছে এনডিএ জোট। বিজেপি একার ক্ষমতায় পেরিয়ে গিয়েছে ৩০০ আসন। এই অবস্থায় রাম মন্দির নির্মাণে আর কোনও বাধা থাকছে না বলেই মনে করছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। নৃত্য গোপাল দাসের জন্মদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দ্রুত রাম মন্দির নির্মাণের আবেদন জানাবেন সাধুরা।



