
প্রয়াত বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশ কারনাড
রূপসী বাংলা নিউজ ডেস্ক: ৮১ বছর বয়সে চলে গেলেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশ কারনাড। একের পর এক বিখ্যাত নাটক লিখেছেন তিনি। বহু ছবিতে অভিনয়ও করেছেন।
সোমবার সকালে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বহুমুখি প্রতিভা ছিল গিরিশ কারনাডের। একাধারে নাটক লিখতেন তিনি। অভিনয় করেছেন বহু ছবিতেও। দক্ষ অভিনেতা হিসেবেও তাঁকে দেখেছে দর্শক।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন সকাল সাড়ে ৬টায় বেঙ্গালুরু হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
শুধু নিজের কাজই নয়, বিভিন্ন ইস্যুতে বারবার সাহসী প্রতিবাদ জানিয়েছেন তিনি। সমাজের অনেক সমস্যা তুলে ধরেছেন তাঁর লেখায়। তাঁর বহু নাটকেই বারবার বিতর্ক মাথাচাড়া দিয়েছে। তবু পিছু হটেননি তিনি।
১৯৭৪ সালে ‘পদ্মশ্রী’ পুরস্কার পান গিরিশ কারনাড, ১৯৯২ তে তাঁকে দেওয়া হয় ‘পদ্মভূষণ’। সাহিত্যে অনবদ্য অবদানের জন্য ১৯৯৮-তে তিনি পান জ্ঞানপীঠ পুরস্কার।
১৯৩৮-এর ১৯ মে মুম্বইতে জন্ম তাঁর। পড়াশোনা করেছেন আকসফোর্ড ইউনিভার্সিটিতে। সেখানে বসেই লেখেন প্রথম নাটক ‘ইয়াইয়াতি।’ পরবর্তীকালে তাঁর লেখা ‘তুঘলক’, ‘হায়াবদনা’র মত নাটকও প্রশংসা পেয়েছে। কন্নড় ছবি ‘সংস্কারা’তে তাঁর প্রথম অভিনয়।
একে একে ‘নিশান্ত’ (১৯৭৫), ‘মন্থন’ (১৯৭৬), ‘স্বামী’ (১৯৭৭), ‘পুকার’ (২০০০)-এর মতো ছবিতে অভিনয় করেন তিনি। ২০০৫-এ মুক্তিপ্রাপ্ত ‘ইকবাল’-এ তাঁর অভিনয় পছন্দ করেছিল দর্শকরা। সলমন খানের সঙ্গে ২০১২-তে ‘এক থা টাইগার’ এবং ২০১৭-এ ‘টাইগার জিন্দা হ্যায়’তেও গিরিশের অভিনয় দেখেছেন দর্শক। অন্য দিকে টেলিভিশনেও গিরিশ সমান স্বচ্ছন্দ ছিলেন। ১৯৮৬-’৮৭তে জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘মালগুডি ডেজ’-এ অভিনয় করেছিলেন।
তবে রবীন্দ্রনাথকে নিয়ে এক বিশেষ মন্তব্যে বিতর্কের মুখে পড়েছিলেন গিরিশ কারনাড। বলেছিলেন, ‘রবীন্দ্রনাথ বড় মাপের কবি হতে পারেন, কিন্তু নাট্যকার হিসেবে তিনি দ্বিতীয় শ্রেণী। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কারনাড রবীন্দ্রনাথকে দ্বিতীয় শ্রেণীর নাট্যকার বলার পাশাপাশি বলেছিলেন যে তিনি যেসব নাটক লিখেছেন সেগুলি খুবই সাধারণ মানের। তবে রবীন্দ্রনাথকে যে একজন বড় মাপের কবি, সেকথা বলতে তিনি দ্বিধা করেননি। তিনি বলেন, রবীন্দ্রনাথের দর্শন, কবিতা ভারতের সমাজকে ঋদ্ধ করেছে। কিন্তু তার নাটক সমকালে স্বীকৃত হয়নি।
এই প্রসঙ্গে কারনাডেরদাবি ছিল, রবীন্দ্রনাথ যে ধরনের পরিবার থেকে এসেছেন তাতে তাঁর পক্ষে দরিদ্র শ্রেণীর মানুষের চরিত্রগুলো বোঝা সম্ভব হয়নি। মন্তব্যের পরই তীব্র প্রতিবাদে ফেটে পড়েন পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী ও নাট্যকাররা।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিভিন্ন মহলে। ট্যুইট করে শোক প্রকাশ করেছেন অমিতাভ ঘোষ, শশী থারুরের মত ব্যক্তিত্বরা। শোক প্রকাশ করেছেন সুষমা স্বরাজ।



