
৫ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত, ইঙ্গিত অর্থনৈতিক সমীক্ষায়: মোদী
রূপসী বাংলা নিউজ ডেস্ক: কেন্দ্রে দ্বিতীয় বার মোদী সরকার৷ দ্বিতীয়বার ক্ষমতায়নের পর আগামীকাল অর্থাৎ ৫ই জুলাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ তার আগে ২০১৯ সালের অর্থনৈতিক সমীক্ষা বা ইকোনমিক সার্ভের আউটলাইন ভিশন বলছে ৫ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে হবে ভারতকে৷ এই আশাপ্রকাশ করে বৃহস্পতিবার ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
৫ই জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে নরেন্দ্র মোদীর এই ট্যুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ এই অর্থনৈতিক সমীক্ষাকে ভিশন ডকুমেন্ট বলে উল্লেখ করেছেন মোদী৷ তাঁর মতে সমীক্ষার এই খসড়া, বাজেটের লক্ষ্যকে তুলে ধরছে৷ কেন্দ্রীয় বাজেটের আগের দিনই এই অর্থনৈতিক সমীক্ষা সংসদের দুই কক্ষে পেশ করা হয়৷

বাজেট সম্পর্কে সম্যক ধারণা দিয়ে পেশ করা এই অর্থনৈতিক সমীক্ষা সামাজিক, প্রযুক্তিগত, ও শক্তি ক্ষেত্রের পরবর্তী পদক্ষেপের দিশা ঠিক করবে, এমনই মত নরেন্দ্র মোদীর৷ উল্লেখ্য ২০১৮ সালের ৩১শে জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছিলেন তৎকালীন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রক্ষ্মণ্যম৷
২০১৯ সালের অর্থনৈতিক সমীক্ষার মূল কাণ্ডারি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি ভি সুব্রক্ষ্মণ্যম৷ তাঁর নেতৃত্বেই গোটা সমীক্ষাটি হয়েছে বলে জানা গিয়েছে৷



